বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৮ লক্ষ, প্রাণ হারালেন ৩৯ হাজার
সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ৩৯ হাজার পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৩৪ জনের। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৩ হাজার ১২৬ জন। এখনও অসুস্থ রয়েছেন ৫ লক্ষ ৯১ হাজার ৬৯৮ জন।

ইতালিতে মৃত ১১ হাজার ৫০০
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১১,৫৯১ জন। চিনের মৃত্যু সংখ্যা থেকে ইতালির মৃত্যু সংখ্যা তিনগুণের থেকেও বেশি। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১,০১,৭৩৯।

স্পেনেও মৃত্যু ৭ হাজার ৭০০
স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই চিনের মৃতের সংখ্যা থেকে দুইগুণ হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৯৫৬ এবং মৃত্যু হয়েছে ৭৭১৬ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ৩০২৪ জন, ইরানে মারা গিয়েছে ২৭৫৭ জন, ব্রিটেনে মারা গিয়েছে ১৪০৮ জন।

বিশ্বে সব থেকে বেশি আক্রান্ত আমেরিকায়
এদিকে বিশ্বে সব থেকে বেশি করোনা আক্রান্ত এখন রয়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৪৩৫, আক্রান্তের সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি। তবে মৃতের সংখ্যা সেই অনুপাতে কম, ৩১৭৫ জন।

পরিস্থিতি খারাপ হচ্ছে দেশেও
এদিকে ভারতেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৭ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৪৫২ জন আক্রান্ত হয়েছেন। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications