যুক্তরাষ্ট্রে পা রেখেই মোদীর রাত্রিযাপন ‘ব্লেয়ার হাউসে’, ১১৯টি কক্ষ বিশিষ্ট এই স্থান কেন প্রসিদ্ধ জানেন?
মার্কিন সফরের অংশ হিসেবে বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আজই রয়েছে তাঁদের সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রে অবতরণের পর, তাকে সম্মানজনক 'ব্লেয়ার হাউসে' নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এই টানা সফরের সময়টুকু থাকবেন।
হোয়াইট হাউসের বিপরীতে অবস্থিত ব্লেয়ার হাউস শুধুমাত্র একটি অতিথিশালা নয়, এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অতিথি আবাসস্থল হিসেবে পরিচিত। বিশ্বের অনেক বিশিষ্ট রাষ্ট্রনেতার আতিথেয়তা দেওয়া হয়েছে এই ঐতিহাসিক ভবনে, যা 'বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ হোটেল' নামেও খ্যাত।

প্রায় ৭০০০ বর্গফুটের বিশাল এই স্থাপনা চারটি আন্তঃসংযুক্ত টাউনহাউসের সমন্বয়ে গঠিত। এতে ১১৯টি কক্ষ, ১৪টি অতিথি শয়নকক্ষ, ৩৫টি বাথরুম, তিনটি আনুষ্ঠানিক ডাইনিং রুম এবং এমনকি একটি বিউটি সেলুনও রয়েছে। অতিথিদের জন্য এই ব্লেয়ার হাউস ফাইভ স্টার মানের অভিজ্ঞতা প্রদান করে এবং এর অভ্যন্তরীণ সাজসজ্জায় ফুটে ওঠে আমেরিকান ইতিহাস ও কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য।
ব্লেয়ার হাউসে অতীতেও বহু গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের আতিথেয়তা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, ফরাসি প্রেসিডেন্ট চার্লস ডি গল, ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার, শিমন পেরেস, ইতজাক রবিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে ব্লেয়ার হাউস ভারতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে, যা ভারত-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে আরও বেশি করে তুলে ধরছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে মোদী এই সফরে এসেছেন এবং এটি দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার মধ্যেই নজর কাড়ছে এই ব্লেয়ার হাউস।
বিশ্লেষকদের মতে, মোদীর এই সফর ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং বৈঠক থেকে উল্লেখযোগ্য চুক্তি ও সহযোগিতার পথ প্রশস্ত হতে পারে।












Click it and Unblock the Notifications