ভারত-রাশিয়া সুসম্পর্ক চিরস্থায়ী, বললেন পুতিন, ইউক্রেনে শান্তি ফেরাতে ফের বার্তা মোদীর
চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে 'স্থায়ী শান্তি' প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারত-রাশিয়া সম্পর্কের ভিত্তিকেও তিনি দৃঢ়ভাবে তুলে ধরেন।
এদিন সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ইউক্রেনের সংঘাত নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি। শান্তির জন্য সম্প্রতি গৃহীত সব প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং আশা করি, সব পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে হবে।"

মোদী আরও উল্লেখ করেন, ভারত ও রাশিয়া কঠিন সময়ে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, "আমাদের নিবিড় সহযোগিতা কেবল দুই দেশের জনগণের জন্যই নয়, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।"
প্রধানমন্ত্রী মোদীর মতে, পুতিনের সঙ্গে তাঁর প্রতিটি বৈঠকই 'স্মরণীয়' এবং এসব বৈঠকে খোলামেলা মতবিনিময় ও পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়। তিনি জানান, "আমরা নিয়মিত যোগাযোগে রয়েছি এবং উভয় পক্ষের মধ্যে অসংখ্য উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।"
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রেক্ষিতে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তার পরই প্রথমে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ভারত তেল কিনে ঘুরিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ সাহায্য করছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে পশ্চিমী দেশের 'ভণ্ডামি'র সমালোচনা করেছে। প্রেসিডেন্ট পুতিন মোদীর সঙ্গে সাক্ষাতে উৎফুল্লতা প্রকাশ করেন এবং SCO কে গ্লোবাল সাউথ ও ইস্টার্ন দেশগুলিকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যাখ্যা করেন।
পুতিন মোদীকে বলেছেন, "আমার আপনার সঙ্গে দেখা করে খুব আনন্দ হচ্ছে।" পুতিন আশা প্রকাশ করেন যে আজকের বৈঠক ভারত-রাশিয়া সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, "রাশিয়া এবং ভারতের সম্পর্ক অত্যন্ত বলিষ্ঠ।" শীর্ষ বৈঠকের জন্য পুতিনের ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications