ইউক্রেনে মোদী, জেলেনস্কিকে জড়িয়ে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন৷ উষ্ণ আলিঙ্গন দুই প্রেসিডেন্টের মধ্যে। আন্তর্জাতিক রাজনৈতিক দুনিয়ায় এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পোল্যান্ড সফর শেষে ইউক্রেন গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ইউক্রেনের মাটিতে পা রাখলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল। সেই সময় ইউক্রেন প্রেসিডেন্ট মোদীকে তাঁদের দেশে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন।

সেই আহ্বান রেখে ইউক্রেন সফরের কথা জানানো হয় সাউথ ব্লক থেকে। রাশিয়ার কাছের বন্ধু ভারত। ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালাচ্ছে। সেই যুদ্ধ বন্ধ হওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তেমনই চাইছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সাক্ষাৎ হল। দুজনেই দুজনের দিকে হাত বাড়িয়ে দিলেন। উষ্ণ করমর্দন হল দুজনের মধ্যে। এরপর দুই প্রেসিডেন্ট একে অপরকে জড়িয়ে ধরেন। মোদী - জেলেনস্কির মধ্যে বৈঠক হবে। তার আগে তাঁরা দুজনেই পৌঁছে যান কিয়েভের শহিদদের প্রতি সম্মান জানাতে৷
পোল্যান্ড থেকে সাত ঘন্টা পথ পাড়ি দিয়ে নরেন্দ্র মোদী ইউক্রেনের কিয়েভে গিয়ে পৌঁছান। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। তারপর এটিই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন।
কিয়েভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা করা হয়। দুই দেশের মধ্য সম্পর্ক আরও উন্নত করার প্রচেষ্টা থাকছে। রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বিনিয়োগ, শিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান বিষয়ে নজর দেওয়া হচ্ছে। মানবিক সহায়তা এবং অন্যান্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকগুলিও আলোচনায় থাকবে। কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
ইউক্রেনে প্রচুর সংখ্যায় ভারত থেকে ছাত্রছাত্রী পড়তে যায়। তারাও যথেষ্ট উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী তাদের ও অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে বেশ কিছু পথ এদিন হাঁটেন। জেলেনস্কির কাঁধে হাত দিয়ে হাঁটতে দেখা যায় নরেন্দ্র মোদীকে।












Click it and Unblock the Notifications