মোদীকে নিয়ে 'টাইম'-ম্যাগাজিনের ভোলবদল, 'বিভাজনের হোতা' থেকে তিনি হলেন 'অখণ্ডতার কাণ্ডারী'
ভোট মিটতেই দেখা গেল অন্য ছবি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেকর্ড গড়ে বিজেপি তথা এনডিএ সরকারে আসার পর ভোল বদলে ফেলল টাইম ম্যাগাজিনও।
লোকসভা নির্বাচনের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইম। নিজেদের প্রচ্ছদে মোদীকে বিভাজনের হোতা বলে উল্লেখ করা হয়েছিল। আর ভোট মিটতে ও ফলাফল প্রকাশের পরই দেখা গেল অন্য ছবি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেকর্ড গড়ে বিজেপি তথা এনডিএ সরকারে আসার পর ভোল বদলে ফেলল টাইম ম্যাগাজিনও। এখন তাঁদের বক্তব্য, গত কয়েক দশকে অন্য কোনও প্রধানমন্ত্রী মোদীর মতো দেশকে একসূত্রে বাঁধতে পারেননি।

মঙ্গলবার টাইম-এ প্রকাশিত প্রচ্ছদে নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। ২০১৪-১৯ সালের মধ্যে মোদীর উন্নয়নমূলক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। অথচ আগের লেখাতেই মোদীকে কঠোর সমালোচনা করা হয়েছিল।
আগের প্রচ্ছদে লেখা হয়েছিল, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র জনমোহিনী রাজনীতির ফাঁদে পড়েছে। ভারত তার জ্বলন্ত উদাহরণ। আর নতুন প্রচ্ছদে লেখা হয়েছে, মোদী ভারতে বর্ণের বিভেদকে ঘুঁচিয়ে দিতে পেরেছেন।
টাইম ম্যাগাজিনের নতুন প্রচ্ছদে নেহরু-গান্ধী পরিবারের থেকেও মোদীকে এগিয়ে রাখা হয়েছে। বলা হয়েছে, মোদী ভারতের পিছিয়ে পড়া সমাজে জন্মেছেন। সেখান থেকে ওপরে উঠে আসায় তিনি দেশের দরিদ্রতম মানুষের সঙ্গে নিজেকে মেলাতে পারেন। যা স্বাধীনতার পর ৭২ বছরের বেশিরভাগ সময় নেহরু-গান্ধী পরিবারের লোক ক্ষমতায় থেকেও কোনওদিন করতে পারেননি।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ৩০৩টি আসন পেয়েছে। সবমিলিয়ে এনডিএ বিরোধীদের জামানত জব্দ করে সাড়ে তিনশোর বেশি আসনে জয়ী হয়েছে। এই ফলাফল দেখে টাইমও নিজেদের মত বদলে ফেলল।












Click it and Unblock the Notifications