অত্যন্ত অসুস্থ বেগম খালেদা জিয়া, বিএনপি নেত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
এদিন সোমবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মোদী লেখেন, "বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে চিন্তিত। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা। ভারত যেকোনও উপায়েই হোক, সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।"

এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বাংলাদেশে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা সোমবার জানিয়েছেন, ৮০ বছর বয়সী খালেদা জিয়া 'অত্যন্ত অসুস্থ' এবং তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। গত ২৩ নভেম্বর গুরুতর বুকে সংক্রমণের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন। এই সংক্রমণ তাঁর হার্ট এবং ফুসফুস উভয়কেই প্রভাবিত করেছে।
চার দিন পর তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করেন। দলীয় নেতারা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
এক বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, "তিনি অত্যন্ত অসুস্থ, এবং পুরো দেশ তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছে। স্থানীয় ও বিদেশি মেডিক্যাল বিশেষজ্ঞরা সম্ভাব্য সবকিছুই করছেন।" বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার জানান, তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘকালীন চেয়ারপার্সনও তিনি।
গত কয়েকবছরে খালেদা জিয়া লিভার ও কিডনি জটিলতা, ডায়বেটিস, আর্থ্রাইটিস এবং চোখ-সম্পর্কিত অসুস্থতাসহ বিভিন্ন স্বাস্থ্যগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন।












Click it and Unblock the Notifications