দ্বিতীয়বার খেতাব এল পোল্যান্ডের ঘরে, মিস ওয়ার্ল্ড ২০২১ জিতলেন ক্যারোলিনা বিলাস্কা
দ্বিতীয়বার খেতাব এল পোল্যান্ডের ঘরে, মিস ওয়ার্ল্ড ২০২১ জিতলেন ক্যারোলিনা বিলাস্কা
এবার বিশ্ব সুন্দরী ২০২১–এর মুকুট উঠল পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার মাথায়। ভারতের মানানা বারাণসী সহ ৯৬ টি অন্য দেশের প্রতিযোগীদের হারিয়ে ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ক্যারোলিনা। আন্তর্জাতিক বিউটি পেজেন্টে ভারতের মানসার স্থান ১১ নম্বরে রয়েছে।

বুধবার রাতে ৭০তম বিউটি পেজেন্টের এই অনুষ্ঠান হয় পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোকা–কোলা মিউজিক হলে। মিস ওয়ার্ল্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে জানানো হয়েছে, ক্যারোলিনাকে বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি–অ্যান সিং। মিস ওয়ার্ল্ড ২০২১ সালের খেতাব জেতার পর ক্যারোলিনা বলেন, 'আমি যখন আমার নাম শুনি আমি হতচকিত হয়ে যাই, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে খুবই সম্মানিত বোধ করছি এবং কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমি সারা জীবন পুয়ের্তো রিকোতে হওয়া এই ইভেন্ট মনে রাখব, এটা আমার জীবনের অভূতপূর্ব অধ্যায়।’

পোল্যান্ড দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ডের খেতাব জিতল। এর আগে ১৯৮৯ সালে আনেতা ক্রেগ্লিকা এই বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন। ভারতীয়–আমেরিকান বংশোদ্ভুত শ্রী শাইনি আসেন দ্বিতীয় স্থানে, এরপর তৃতীয় হন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। ফেমিনা মিস ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মানসা বারাণসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মানসা তেলঙ্গানার ইঞ্জিনিয়ার এবং তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন মিস ওয়ার্ল্ডের মঞ্চে। ইনস্টাগ্রামে লেখা হয়, 'আপনি হয়ত মকুট জিততে পারেননি কিন্তু আপনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন। আপনি আমাদের দেশের হয়ে সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছেন এবং আপনাকে দেশে ফেরার স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি।’
মিস ওয়ার্ল্ড পেজেন্ট গত বছর ১৬ ডিসেম্বর ২০২১ সালে হওয়ার কথা ছিল হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে। কিন্তু মানসা সহ ১৬ জন প্রতিযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ার পর ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মিস ওয়ার্ল্ডের ইভেন্ট ১০০টি দেশে সম্প্রচার হয়।












Click it and Unblock the Notifications