পাকিস্তানে ফের জঙ্গি হামলা, গুড়িয়ে দেওয়া হল মেয়েদের সরকারি স্কুল
পাকিস্তানে মেয়েদের স্কুল জঙ্গিদের নিশানায়? মেয়েদের ফের পড়াতে না দেওয়ার চেষ্টা জঙ্গিদের? আরও একবার স্কুলে জঙ্গি হামলার ঘটনা সামনে এল প্রতিবেশী দেশে।
পাকিস্তানের খাইবার - পাখতুনখোয়া প্রদেশে এই জঙ্গি হামলা হয়েছে। আফগানিস্তানের সীমান্তে উত্তর ওয়াজিরিস্তানে মেয়েদের এই সরকারি স্কুলটি ছিল৷ সেটিকেই গুড়িয়ে দিল জঙ্গিরা। ওই প্রদেশের সরকারি তরফে এই কথা জানা গিয়েছে।

সোমবার ভোরবেলা এই স্কুলটিতে হামলা চালানো হয়৷ তখন স্কুলটি বন্ধ ছিল৷ পড়ুয়া, শিক্ষিকা, কর্মীরা কেউই ছিলেন না। সেই কারণে কোনও হতাহত হয়নি৷ স্কুল চলাকালীন যদি এই বিস্ফোরণ হত! তাহলে কত পড়ুয়ার প্রাণ যেত? তাই ভেবেই শিউড়ে উঠছে সভ্য মহল।
ওই প্রদেশের শিক্ষামন্ত্রী ফয়জল খান তারকাই জানিয়েছেন, ওই স্কুলে মোট ২৫৫ জন পড়ুয়া পড়ে। স্কুলের সাতটি ঘর বিস্ফোরণে সম্পূর্ণ ধূলিসাৎ। আরও বেশ কিছু ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্কুলটি এখন আর পঠনপাঠন যোগ্য নেই৷ নতুন ভাবে স্কুলটিকে আবার তৈরি করতে হবে৷
কিন্তু কারা এই ভয়াবহ হামলা চালালো? স্কুলের উপর কাদের রাগ থাকতে পারে? তেহরিক ই তালিবান নামক সংগঠন এই হামলার সঙ্গে জড়িয়ে। এমনই মনে করছেন ওই প্রদেশের শিক্ষামন্ত্রী। উত্তর ওয়াজিরিস্তান এলাকায় এই জঙ্গি সংগঠন অত্যন্ত সক্রিয়। তারা নারীশিক্ষার বিরোধী। সেই কারণে স্কুলে এই হামলা চালানো হতে পারে। এমন আশঙ্কা করা হচ্ছে।
২০১৪ সালে পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠনই। স্কুল চলাকালীন জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেই ভয়াবহ হামলায় শতাধিক স্কুল পড়ুয়া মারা গিয়েছিল। তারপর বহু বার এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালানো হয়েছিল৷ কিন্তু সংগঠনকে নিকেষ করা যায়নি৷












Click it and Unblock the Notifications