Mehul Choksi: ১৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বেলজিয়ামে গা ঢাকা মেহুল চোকসির! ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত
Mehul Choksi: অবশেষে মিলল খোঁজ। ব্যাঙ্ক প্রতারণার দায়ে দুষ্ট গুজরাটের হীরে ব্যবসায়ী গা ঢাকা দিয়ে বসে রয়েছেন বেলজিয়ামে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন চোকসি। ভারত সরকারের তরফ তাঁকে পলাতক ঘোষণা করা হয়। আর এবার মেহুল চোকসিকে ফেরাতে চলছে কেন্দ্র। ইতিমধ্যেই তাঁকে দেশে ফেরাতে বেলজিয়ামের সরকারকে আবেদন জানানো হয়েছে ভারতের তরফে।
বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে স্ত্রী প্রীতি চোকসির সঙ্গে থাকছেন মেহুল চোকসি। সেখানের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করেছেন মেহুল চোকসি। তাঁর স্ত্রী বেলজিয়ামেরই নাগরিক। রেসিডেন্সি কার্ডও সেখানে পেয়েছেন তারা। এর আগে কখনও অ্যান্টিগুয়া, কখনও বারবুডায় মেহুল চোকসি গা ঢাকা দিয়েছিল বলে খবর উঠে আসে। অবশেষে তাঁর টিকির হদিশ পেল ভারত। ক্যারিবিয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের তরফে বেলজিয়ামকে চোকসির প্রত্যর্পণের বিষয়ে আবেদন জানানো হয়েছে।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় ২০২৮ সালে সিবিআই তদন্ত শুরু করতেই দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল চোকসি। আর্থিক প্রতারণা করে ভাইপো নীরব মোদীও দেশ ছেড়ে পালান। ভারতে ফিরলেই বিচার হবে তাঁদের। ইকনমিক টাইমস সূত্রে খবর, সম্প্রতি মুম্বই কোর্টে মেহুল চোকসি জানায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি ভারতে ফিরতে পারছেন না।
ব্লাড ক্যানসারে ভুগছেন বলে জানিয়েছিলেন মেহুল চোকসি। বয়ানের সাপেক্ষে মেডিক্যাল রিপোর্টও জমা দেন। সেখানে বেলজিয়ামেরই এক চিকিৎসকের পরামর্শ হিসেবে তিনি উল্লেখ করেন, কোনওপ্রকার ভ্রমণ মেহুল আপাতত করতে পারবেন না।
এদিকে, চোকসিকে যেন তেন প্রকারেণ ফেরাতে চায় ভারত। দরকার হলে ভারতে তাঁর চিকিৎসা করাতে চায় সরকার। এর আগে মানসিক সমস্যার অজুহাত দিয়েছিলেন চোকসি। অ্যান্টিগুয়ায় থাকাকালীন অপহরণেরও অভিযোগ করেছিলেন তিনি। অপহরণের চক্রান্তে ভারত লিপ্ত বলে দাবি ছিল তাঁর। আর এবার বেলজিয়ামে তাঁর খোঁজ মিলতেই দেরি না করে তাঁকে অবিলম্বে ফেরানোর ব্যবস্থা ভারতের তরফে করা হচ্ছে বলে সূত্রের খবর।
স্ত্রীর নাগরিকত্বের প্রভাব খাটিয়েই বেলজিয়ামে থাকলেও এখনও ভারতের নাগরিকত্ব ছাড়েননি মেহুল চোকসি। এদিকে অ্যান্টিগুয়া ও বারবুডার নাগরিকত্বও রয়েছে মেহুল চোকসির। বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার প্রবল চেষ্টা করছেন মেহুল চোকসি। তা পেয়ে গেলে ইউরোপের সর্বত্র যেতে পারবেন তিনি। স্বাস্থ্যের কারণ দেখিয়ে সুইজারল্যান্ডেও যাওয়ার ফন্দি আঁটছেন তিনি। ভারতে ফেরাতে তখন সমস্যা দেখা দিতে পারে। আর তাই মেহুল চোকসিকে ফেরাতে মরিয়া ভারত সরকার।












Click it and Unblock the Notifications