Narendra Modi: মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন মোদী, রাষ্ট্রপতির সঙ্গেও করলেন সাক্ষাৎ
দুই দিনের সফরে মরিশাস সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশের জাতীয় দিবসের কর্মসূচিতে অংশ নিতেই মূলত গিয়েছেন মোদী। পাশাপাশি আরও একগুচ্ছ সরকারি বৈঠক ও কর্সসূচি আছে তাঁর। মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি ছিল তাঁর।
মরিশাস সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান' প্রদান করা হল। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম মোদীকে এই সম্মান প্রদান করেন। প্রথম ভারতীয় হিসেবে মরিশাসের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী।

মরিশাসের সঙ্গে ভারতের গভীর যোগ রয়েছে। শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক স্তরেই নয়, একইসঙ্গে সংস্কৃতিগতভাবেও দুই দেশের অনেক মিল আছে। মোদী বলেছেন, মরিশাসে এসে আমার মনে হচ্ছে আমি নিজের ঘরেই আছি। আমি বিনীতভাবে মরিশাসের সর্বোচ্চ সম্মান গ্রহণ করছি। দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে।
মোদী তাঁর বক্তব্যে আরও বলেন, মরিশাস আমাদের প্রতিবেশী দেশেরই মতই। এই দেশটি আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। আমরা ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতির দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত। গভীর পারস্পরিক বিশ্বাস, গণতন্ত্রের মূল্যবোধের প্রতি আমাদের আস্থা আছে। বৈচিত্র্যের উদযাপন আমাদের শক্তি।
মরিশাসের রাষ্ট্রপতিকে অনেক কিছু উপহার দিয়েছেন মোদী। এর মধ্যে আছে মহাকুম্ভের সঙ্গমের জল এবং সুপার ফুড মাখানা। এর পাশাপাশি সেদেশের রাষ্ট্রপতির স্ত্রী বৃন্দা গোখুলকে একটি বেনারসি সিল্ক শাড়ি উপহার দিয়েছেন মোদী। এর আগে ২০১৫ সালে এই দেশে এসেছিলেন মোদী।
রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে দেখা করার পর মোদী সমাজ মাধ্যমে লেখেন, খুব ভালো লাগছে রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। তিনি ভারত এবং ভারতীয় সংস্কৃতির সাথে অত্যন্ত পরিচিত। মরিশাসের জাতীয় দিবস উদযাপনে যোগদানের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। মোদীর এই সফর ভারতের সঙ্গে মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করবে বলেই মত কূটনীতিবিদদের।
ভারত ইতিমধ্যেই মরিশাসে ৯৬টি কমিউনিটি উন্নয়ন প্রকল্পের জন্য বিনিয়োগ করেছে, যার মধ্যে ৫১টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০১৬ সালে ভারত মরিশাসে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। মেট্রো এক্সপ্রেস প্রকল্প, সুপ্রিম কোর্ট ভবন, নতুন ইএনটি হাসপাতাল, সামাজিক আবাসন প্রকল্প এবং স্কুলছাত্রীদের জন্য ডিজিটাল ট্যাবলেট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।












Click it and Unblock the Notifications