Bangladesh Protest: প্রতিবাদের আগুনে জ্বলছে বাংলাদেশ, মৃত বেড়ে ৭০! জারি কার্ফু-বন্ধ ইন্টারনেট
Bangladesh Protest: প্রতিবাদের আগুনে ফের উত্তাল বাংলাদেশ। দিনভর সংঘর্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে ৭০ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় একাধিক পুলিশ কর্মী রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বহু মানুষ গুলিবিদ্ধ বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এই অবস্থায় আজ রবিবার সন্ধ্যা ছটা থেকে বাংলাদেশ জুড়ে (Bangladesh Protest) অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। শুধু তাই নয়, আগামী তিনদিন সারা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সরকারি চাকরিতে মাত্রাতিরিক্ত সংরক্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রথমে বিক্ষোভ (Bangladesh Protest) দেখাতে শুরু করেছিলেন। পরে সেটি ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, খুলনা সহ বাংলাদেশের একাধিক জায়গায়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন একাধিক দাবিতে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ।
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ইস্তফা দিতে হবে। কার্যত সরকারের পতনের দাবিয়ে উত্তাল পরিস্থিতি।
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'তে প্রকাশিত খবর অনুযায়ী, এদিনের সকাল থেকে সংঘর্ষে গোটা দেশে ১৪ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত একজন নিহত হয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা থানা সহ একাধিক জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে।
এই অবস্থায় ফের একবার সেনা নামানোর দাবি উঠছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের দেহ নিয়ে মিছিল শুরু করেছেন বিক্ষোভকারীরা। জানা যাচ্ছে, কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা দেহ নিয়ে যাবেন। যদিও ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। গোটা পরিস্থিতির উপর বাংলাদেশ সরকার নজর রাখছে বলে জানা যাচ্ছে। নতুন করে অশান্তির আবহে বাংলাদেশজুড়ে আতঙ্কের পরিবেশ।












Click it and Unblock the Notifications