খোরপোশের ৭ লক্ষ টাকা খরচ প্রাক্তন স্ত্রীকে 'খুচরো'য় শোধ করলেন স্বামী
প্রাক্তন স্ত্রীকে খোরপোশের টাকা দিতে হবে। আর সেজন্য নোটে না দিতে খুচরোতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি।
প্রাক্তন স্ত্রীকে খোরপোশের টাকা দিতে হবে। আর সেজন্য জব্বর চাল চাললেন তিনি। নোটে না দিতে খুচরোতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেদেশের এক সরকারি চাকুরে এই কাণ্ড করে খবরের শিরোনামে এসেছেন।

দশ হাজার পাঁচশো ডলার বা ইন্দোনেশিয়ার মুদ্রায় ১৫৩ মিলিয়ন রুপিয়াকে ভারতীয় মুদ্রায় বদল করতে দাঁড়ায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা। যার পুরোটাই খুচরোয় স্বামী শোধ করেছেন। এর মোট ওজন হয়েছে ৮৯০ কিলোগ্রাম।
এই ঘটনার পর আদালতেই ওই ব্যক্তি সুসিলারতো ও মহিলা হেরমি সেতয়োয়াতির আইনজীবীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সুসিলারতো তাঁর মক্কেলকে খুচরো দিয়ে অপমান করেছেন বলে অভিযোগ মহিলার আইনজীবীর।
যদিও সুসিলারতোর আইনজীবীর দাবি, ৯ বছরের বকেয়া মেটাতে সরকারি চাকুরে তাঁর মক্কেলের বন্ধু-আত্মীয়দের কাছে ধার করতে হয়েছে। যার ফলে এমনটা হয়েছে। তিনি নিজেও নাকি এত খুচরো দেখে বিস্মিত হয়েছিলেন। তবে এতে কাউকে অপমান করা উদ্দেশ্য নয়।
যদিও শেষ অবধি ৮৯০ কেজি খুচরো গ্রহণ করতে স্ত্রী বাধ্য হয়েছেন। আদালত খুচরো গুনে তা মহিলার হাতে তুলে দিতে কর্মীদের নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications