প্যারিসে মল্লিকা শেরাওয়াতের উপরে হামলা, মারধর, জানাল ফরাসি পুলিশ
হলিউড রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ানের পর এবার বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের উপরে হামলার ঘটনা ঘটল প্যারিসে।
প্যারিস, ১৮ নভেম্বর : হলিউড রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ানের পর এবার বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের উপরে হামলার ঘটনা ঘটল প্যারিসে। মার্ডার গার্ল-এর উপরে মুখোশ পরা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। টিয়ার গ্যাস ছুঁড়ে মারধর করে পালিয়ে যায়।
প্যারিসের হোটেলে ভুয়া পুলিশের গানপয়েন্টে কিম কার্ডাশিয়ান!
সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে যে গত সপ্তাহে এই হামলার ঘটনা ঘটেছে। মল্লিকা (৪০) তাঁর ফরাসি বাগদত্তা সাইরিল অক্সেনফান্সের (৪৫) সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। সেখানেই তাদের উপরে হামলা হয়।

জানা গিয়েছে, তিনজন মুখোশধারী অ্যাপার্টমেন্টের মধ্যেই ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। সেখান থেকে বেরিয়ে তাদের উপরে হামলা চালায়, মুখে ঘুষি মেরে পালিয়ে যায়। এই হামলার খবর প্রথম প্রকাশিত হয় ব্রিটিশ পত্রিকা ডেইলি মেলে। কিছুদিন আগে কিম কার্ডাশিয়ানের উপরে প্যারিসে যেখানে হামলা হয়েছিল, এই অ্যাপার্টমেন্টটি তার খুব কাছেই বলে জানা গিয়েছে।
হামলার পর হামলাকারীরা পালিয়ে গেলেই পুলিশে যোগাযোগ করেন মল্লিকার বাগদত্তা সাইরিল। পুলিশ জানিয়েছে, সম্ভবত মল্লিকার হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হামলাকারীরা। তবে তা না পেরেই পালিয়ে গিয়েছে তারা।
যদিও এই ঘটনার কথা মল্লিকার তরফে স্বীকার করে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনার পরও টুইটারে নিজের ভিডিও পোস্ট করেছেন মল্লিকা। তবে সেখানে অথবা অন্য কোনও টুইটে হামলার উল্লেখ করেননি তিনি।
প্রসঙ্গত, মাসখানেক আগে প্যারিসেই হলিউড রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ানের উপরে হামলার ঘটনা ঘটে। একদল মুখোশধারী ডাকাত কিমের কাছ থেকে ১ কোটি ডলারের গয়না ডাকাতি করে পালিয়ে যায়।












Click it and Unblock the Notifications