মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে অবমাননাকর মন্তব্যে ভারতের প্রতিবাদ! তিন মন্ত্রীকে বরখাস্ত করল মালদ্বীপ
শেষ পর্যন্ত ভারতের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল মালদ্বীপ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের কারণে তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই তিন মন্ত্রী হলেন, মরিয়ম শিউনা, মালশা এবং হাসান জিহান। স্থানীয় সংবাদ মাধ্যম অ্যাটল টাইমস এই খবর প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মালদ্বীপ সরকারের মুখপাত্র ইব্রাহিম খলিল জানিয়েছেন মন্তব্যের জন্য দায়ী সব সরকারি আধিকারিককে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে মালদ্বীপ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে মন্ত্রী মারিয়াম শিউনার মন্তব্য নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করে। তার আগে অবশ্য ভারত সরকারের তরফে ম্যালেতে ভারতীয় হাইকমিশনার মালদ্বীপ সরকারের কাছে এই মন্তব্য নিয়ে ভারতের প্রতিবাদের কথা জানিয়েছিলেন। তারপরেই মালদ্বীপ সরকারের তরফে জানানো হয়, সরকার বিশ্বাস করে মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল পদ্ধতিতে ব্যবহার করা উচিত।

উল্লেখ করা প্রয়োজন পর্যটন নির্ভর মালদ্বীপে সব থেকে বেশি পর্যটক যান ভারত থেকে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের পরে বহু সংখ্যক ভারতীয় তাদের মালদ্বীপ যাত্রা বাতিল করেন। আটহাজারের বেশি হোটেল বুকিং এবং আড়াই হাজারের ওপরে ফ্লাইট টিকিট বাতিল হয়। তারপরেই মালদ্বীপ সরকার জানায়, এই ধরনের অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না। এদিন এক বিবৃতিতে মালদ্বীপের বিদেশমন্ত্রক জানায়, তারা বিদেশি নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য সম্পর্কে সচেতন।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লাক্ষাদ্বীপ সফর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তারপরেই মালদ্বীপের নেতা-মন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। তারপরে মালদ্বীপ সরকার জানায় মতামত ব্যক্তিগত, এই মতামত সরকারের মতামত নয়। এরপরেই মন্ত্রী মারিয়ম শিউনার তা সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে ফেলেন। মারিয়ম শিউনার প্রধানমন্ত্রী মোদীকে ক্লাউন ও ইজরায়েলের পুতুল বলে আক্রমণ করেছিলেন।
এদিন, মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহঃ নাসির বর্তমান মন্ত্রীদের করা মন্তব্যকে ভয়াবহ বলে বর্ণনা করেছিলেন। পাশাপাশি তিনি বর্তমান প্রেসিডেন্টকে এই মন্তব্য থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট মহঃ নাসির ভারতপন্থী বলে পরিচিত হলেও বর্তমান প্রেসিডেন্ট মহঃ মইজ্জু ভারত বিরোধী বলেই পরিচিত। গত নভেম্বরে তিনি ক্ষমতায় আসার পরেই মালদ্বীপ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।












Click it and Unblock the Notifications