স্বাধীনতা দিবসে ২০০ বছরের শাসক দিল অমূল্য উপহার
ভারতের স্বাধীনতা দিবসে ভারতকে দ্বাদশ শতকের একটি বুদ্ধ মূর্তি উপহার দিল লন্ডন পুলিশ। মূর্তিটি ১৯৬১ সালে নালন্দা থেকে চুরি হয়েছিল।
স্বাধীনতা দিবসের দিন ভারতকে ইংল্যান্ডের উপহার, দ্বাদশ শতকের রুপোর প্রলেপ দেওয়া ব্রোঞ্জের তৈরি একটি বুদ্ধমূর্তি। ১৯৬১ সালে আরও বেশ কিছু পুরাতাত্তিক সম্পদের সঙ্গে এই মূর্তিটি চুরি গিয়েছিল নালন্দার মিউজিয়াম থেকে। গত মার্চে লন্ডনে এক ট্রেড ফেয়ার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছিল।

এদিন লন্ডনের ইন্ডিয়া হাউস, অর্থাত ভারতীয় হাইকমিশনেও ধুমধাম করে পালন করা হয় স্বাধীনতা দিবস। সেই অনুষ্ঠানেই স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার ওয়াই.কে. সিনহার হাতে মূর্তিটি তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে সিন্হা বলেছেন মূর্তিটি ভারতের 'অমূল্য' সম্পদ। সিনহা নিজেও বিহারের লোক বলে তিনি বিশেষ করে এই হস্তান্তরের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।
১৯৬১ সালে বিহারের নালন্দায় ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ বিভাগের মিউজিয়াম থেকে চুরি গিয়েছিল দ্বাদশ শতকের ১৪ টি মূর্তি। তারই একটি এই বুদ্ধমূর্তি। তারপর বেশ কয়েক হাত ঘুরে তা উঠেছিল লন্ডনের এক নিলামে। লন্ডনের বানিজ্যমেলায় হওয়া ওই নিলামে মূর্তিটি দেখেই চিনতে পেরেছিলেন অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ইনটু ক্রাইমস এগেনস্ট আর্টের সদস্য লিন্জা অ্যালবার্টসন ও ইন্ডিয়া প্রাইড প্রোজেক্টের বিজয় কুমার। তাঁরাই খবর দেন পুলিশে।
A 12th century Buddha statue stolen from India 57 years ago is to be returned to the Indian High Commissioner by the Metropolitan Police Service (MPS). The statue with silver inlay, is one of 14 statues stolen in 1961. https://t.co/jLwUU3x6z7 pic.twitter.com/emRNTzGKi9
— Metropolitan Police (@metpoliceuk) August 14, 2018
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ডিলার ও মালিক দুজনেই মূর্তিটির ইতিহাস জানার পর সহায়তা করেছেন পুলিশের আর্ট অ্যান্ড অ্যান্টিকস বিভাগকে। ভারতের জিম্মায় মূর্তিটি ফিরিয়ে দিতে তাঁরা সম্মত হন। তারপরই মূর্তিটি ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে মেট্রোপলিটন পুলিশ।












Click it and Unblock the Notifications