সিঙ্গাপুরের জনক লি কুয়ান প্রয়াত
সিঙ্গাপুর, ২৩ মার্চ : আধুনিক সিঙ্গাপুরের জনক সেদেশের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ (৯১) প্রয়াত হলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন স্থানীয় সময় ভোর ৩টা ১৮ মিনিটে মৃত্যুবরণ করেন লি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী লি শিয়েন লুং প্রয়াত লি কুয়ানের ছেলে। বাবা তথা সিঙ্গাপুরের জনক ও দেশের প্রথম প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বার্তায় লি শিয়েন বলেন, "তিনি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এমন একটি জাতিকে গড়ে তুলেছেন, যাদের কিছুই ছিল না। তিনি আমাদের সিঙ্গাপুরের নাগরিক হিসেবে গর্ব করার সুযোগ করে দিয়েছেন। তার মতো আর কাউকে পাব না আমরা।"
৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লি। এরপর থেকেই তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
লি কুয়ানের মৃত্যুতে সিঙ্গাপুরে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।।
গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ১৯৫৯ সালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে লি কুয়ান টানা তিন দশক ওই পদে আসীন থাকেন। এই তিন দশকে ভগ্ন অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে উন্নীত করেন এশিয়ার অন্যতম ধনী দেশে হিসেবে।












Click it and Unblock the Notifications