২৬/১১ মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়েই দ্রুত পদক্ষেপ, স্বীকার করলেন লাস ভেগাস শেরিফ
২৬/১১-র মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়েই লাস ভেগাসে কয়েক হাজার মৃত্যু ঠেকানো গিয়েছে, এমনটাই জানালেন লাস ভেগাস শেরিফ জোসেফ লম্বার্ডো
২৬/১১-র মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়েই লাস ভেগাসে কয়েক হাজার মৃত্যু ঠেকানো গিয়েছে। এমনটাই জানালেন লাস ভেগাস শেরিফ জোসেফ লম্বার্ডো। হামলাকারী স্টিফেন প্যাডক যা অস্ত্র-শস্ত্র মজুত করেছিল তাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারত বলে জানিয়েছেন তিনি।

পয়লা অক্টোবর লাস ভেগাসের ম্যান্ডালে বে হোটেল ও ক্যাসিনোয় এলোপাথাড়ি গুলিতে ৫৮ জনের মৃত্যু হয়। ওই গোলাগুলির মধ্যেই লাস ভেগাস পুলিশের একটি দল আততায়ী স্টিফেন প্যাডককে খুঁজে হোটেলে ৩২ তলায় উঠে যায়। পুলিশের আগেই অবশ্য সে নিজেই আত্মঘাতী হয়। লাস ভেগাসের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, ওই সময়ে হোটেলে একটি কনসার্ট চলায় সেখানে প্রায় ২২ হাজার মানুষের জমায়েত হয়েছিল। ফলে হতাহতের সংখ্য়া হাজার ছাড়াতেই পারত। কিন্তু ২৬/১১ মুম্বই হামলা নিয়ে তিনি নিজে ও কয়েকজন আধিকারিক গভীরে গিয়ে স্টাডি করায় সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন। ফলে আততায়ী স্টিফেন প্যাডককে আটকানো সম্ভব হয়েছে। অবশ্য এখানেও হতাহতের সংখ্যা একেবারে কম নয়, কিন্তু মুম্বই হামলার তুলনায় দেখতে গেলে তা অনেকটাই কম।

জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, মুম্বই হামলার পর তিনি নিজে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। সেকারণেই তাঁর দফতর এত দ্রুত পদক্ষেপ করতে পেরেছে। তিনি জানান, দুজন কে-৯ অফিসার, একজন গোয়েন্দা ও সোয়াটের একটি ছোট দলই স্টিফেন প্যাডককে আটকাতে সফল হয়েছে।

এদিকে ম্যান্ডালে বে অপারেশনে থাকা এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হোটেলে স্টিফেন প্যাডকের ঘরে ঢুকে তাদের চক্ষু চড়কগাছ। চারিদিকে এত বন্দুক, এত কার্তুজ থাকবে তা তারা ভাবতে পারেননি। হোটেলের ওই ঘর যেন অস্ত্র-শস্ত্রের দোকান হয়ে উঠেছিল।












Click it and Unblock the Notifications