দুই বাংলার ঘরের খাবার ‘পান্তা ভাত’কে বিশ্বের দরবারে তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কিশ্বর চৌধুরি
দুই বাংলার ঘরের খাবার ‘পান্তা ভাত’কে বিশ্বের দরবারে তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কিশ্বর চৌধুরি
নিতান্তই গ্রাম–বাংলার একটি সহজ সরল খাবার পান্তাভাত। গরম বা বাসি ভাতে জল ঢেলে খাওয়া হয় এই পান্তাভাত। আর এই পান্তাভাত দিয়েই মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারকদের মন জয় করলেন বাংলাদেশী বংশোদ্ভুত কিশ্বর চৌধুরি। তবে ১৩ তম মাস্টার শেফ অস্ট্রেলিয়া–তে বিজয়ী হলেন ভারতীয় বংশোদ্ভুত জাস্টিন নারায়ণ। কিন্তু তবুও দুই বাংলার আপামর বাঙালিকে আবেগে ভাসিয়েছেন কিশ্বর।

দুই বাংলার খাবার পান্তা
শোয়ের অন্যতম প্রতিযোগী কিশ্বর অভিনব কিছু বানাতে চেয়েছিলেন এবং তার সঙ্গে বাংলাদেশ, যেটা তাঁর শিকড়ও বটে, তার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেন এই বাংলা তথা পশ্চিমবঙ্গের গ্রাম-বাংলার প্রচলিত খাবার 'পান্তা ভাত'কে। এর সঙ্গে তিনি আলু ভর্তা ও মাছ ভাজা রান্না করে বিচারকদের সামনে রাখেন। হ্যাঁ, এই খাবারটি একেবারে সব খাবারেরে চেয়ে ছিল ভিন্ন রকমের। কারণ এটি দুই বাংলার ঘরের খাবার। এই শোয় কিশ্বর পান্তাভাত ছাড়াও রান্না করেছেন মাছের ঝোল, খিচুড়ি, বেগুনের ভরতা, ফুচকার মতো নানা বাঙালি পদ এবং প্রশংসা কুড়িয়েছেন সকলের। সোশ্যাল মিডিয়া জুড়ে জয় জয়কার কিশ্বরের। কারণ তিনি বাঙালির আবেগকে পেশ করেছেন মাস্টার শেফ অস্ট্রিলিয়ার গ্র্যান্ড টেবিলে।

পান্তা ভাত নাকি স্মোকড রাইস ওয়াটার
এবার আসা যাক পান্তা ভাতে। মাস্টার শেফে এই পদের রাশভারী নাম স্মোকড রাইস ওয়াটার হলেও আদপে তা পান্তা ভাত। একই খাবার কিন্তু তা নানা নামে একাধিক রাজ্যে বেশ জনপ্রিয়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে এই পান্তাভাত রসিয়ে খাওয়া হয়। রান্না করা ভাতে জল ঢেলে দিয়ে তা সারারাত রেখে দিলেই তা পান্তা ভাত হয়ে যায়। এর সঙ্গে কাঁচা পেঁয়াজ, লেবু ও ঝাল লঙ্কা ব্যাস আর কিছু লাগে না। তবে অনেকে আবার সর্ষের তেল ছড়িয়েও খান। ওড়িশায় যেমন পান্তা ভাতের সঙ্গে শুটকি ভর্তা খাওয়ার রেওয়াজ রয়েছে। অসমে বিয়ের দিন সকালে কনেকে এই ভাত দেওয়ার রীতি আছে। পান্তা ভাত শরীর ঠাণ্ডা করে, গরমকালে অনেক গৃহস্থ বাড়িতেই এই ভাত খায়। বাংলাদেশের নববর্ষের দিন এই পান্তা ভাতই খাওয়া হয়, সঙ্গে থাকে ইলিশ, শুটকির নানা পদ। এখন তো বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু হোটেলের পদেও ঠাঁই পেয়েছে পান্তা। কিন্তু বিদেশি কুইজিনের ভিড়ে যে আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতায় পান্তা ভাতও জায়গা করে নিতে পারে, সেই অসম্ভবকে সম্ভব করলেন কিশ্বর।

কে এই কিশ্বর চৌধুরি
৩৮ বছরের কিশ্বর, পেশায় প্রিন্টিং ব্যবসায়ী এবং মেলবোর্নে জন্ম ও বেড়ে ওঠা। লন্ডন থেকে তিনি গ্রাফিক ডিজাইন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট হন এবং কিছু সময়ের জন্য তিনি জার্মানিতে কাটিয়েছেন। এরপর তিনি বাংলাদেশে তাঁর ব্যবসা প্রসারিত করার জন্য ৬ বছর সেখানে ছিলেন। ২০১৫ সালে তিনি মেলবোর্নে ফিরে এসে নিজের মাটির শেকড়ের সঙ্গে খাবারের মাধ্যমে যোগসূত্র স্থাপন করেন।
কিশ্বর নেট দুনিয়ায় ট্রেন্ডিং
পান্তা ভাত পেশ করার পরই টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ট্রেন্ডিং হয়ে যান কিশ্বর। বহু বাঙালি ও বাংলাদেশীরা কিশ্বরকে এর জন্য সাধুবাদ জানিয়েছেন। ঘরের খুব সাধারণ খাবারকে এভাবে আন্তর্জাতিক কুইজিনের মধ্যে পেশ করার এই সাহস দেখানোর জন্য কিশ্বরের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।












Click it and Unblock the Notifications