S Jaishankar: লন্ডনে এস জয়শঙ্করের কনভয়ে হামলার চেষ্টা! বিদেশমন্ত্রীর গাড়ি ধাওয়া; ভারতের পতাকা ছিঁড়ল জঙ্গিরা
S Jaishankar: জয়শঙ্করের কনভয়ে নিরাপত্তা লঙ্ঘন। লন্ডনে ভারতের বিদেশমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা খালিস্তানি জঙ্গিদের। গাড়ির দিকে দৌড়ে এগিয়ে এসে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ল জঙ্গিরা। গোটাটাই হল পুলিশের সামনে। লন্ডনের চ্যাথাম হাউসে বৈঠক সেরে বেরোনোর পরই এস জয়শঙ্করের গাড়ি টার্গেট করে হামলার চেষ্টা চালায় খালিস্তানি জঙ্গিরা। হাউসের বাইরেও খালিস্তানি স্লোগান দেওয়া হয়।
জয়শঙ্করের উপর হামলার চেষ্টার ভিডিও ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে, বিদেশমন্ত্রীর কনভয়ের দিকে উদ্যত হয়ে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। ভারত বিরোধী স্লোগান তুলে মন্ত্রীর সামনেই ভারতের পতাকাও ছিঁড়তে দেখা গেল উগ্রপন্থীদের। যদিও পরে পুলিশ হস্তক্ষেপ করে। ওই ব্যক্তি-সহ বাকিদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই হাউসের বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খালিস্তানি জঙ্গিরা। পতাকা উড়িয়ে খালিস্তানপন্থী স্লোগানও শোনা যায় তাদের মুখে। ব্রিটিশ যুক্তরাজ্যে ৪ থেকে ৯ মার্চ পাঁচদিনের সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। আর সেখানেই ঘেরাটোপ লঙ্ঘন করে বিদেশমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়।
এর আগে যুক্তরাজ্যের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ সারেন জয়শঙ্কর। চেভেনিং হাউসে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাদের। দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে তাদের আলোচনা হয়। কূটনৈতিক ও রাজনৈতিক সহাবস্থান থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য নিয়েও কথা হয় দুই পক্ষের। কথা হয়েছে দুই দেশের শিক্ষা, প্রযুক্তিগত আদান প্রদানের ব্যাপারেও।
সূত্রের খবর, চ্যাথাম হাউসে বৈঠকের সময় কাশ্মীর ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় জয়শঙ্করকে। পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে সমাধানে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নরেন্দ্র মোদী চান কি না সেই প্রশ্ন করা হয়। যদিও বিদেশমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, এব্যাপারে ভারত কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। কাশ্মীর পরিস্থিতি সামলাতে ভারত যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কাশ্মীরে উন্নয়ন থেকে শুরু করে ৩৭০ ধারা রদের বিষয়টিও উল্লেখ করেন এস জয়শঙ্কর।












Click it and Unblock the Notifications