নাড়ির টান যায় না ভোলা, কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী ভাষণেই উঠে এল ভারত প্রসঙ্গ!
করোনা আবহেই রাষ্ট্রপতি নির্বাচনের তোরজোর শুরু হয়ে গিয়েছে আমেরিকায়। বিরোধী ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছেন। ট্রাম্পের সামনে প্রবল প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তিনি বেছে নিয়েছেন কমলা হ্যারিসকে।

প্রথম কোনও এশিয়ান আমেরিকান এই পদের জন্য লড়ছেন
এই প্রথম কোনও এশিয়ান আমেরিকান আমেরিকায় উপরাষ্ট্রপতি পদের দৌড়ে সামিল হচ্ছেন। কোনও শ্বেতাঙ্গকে না বেছে কমলা হ্যারিসকে এই পদে বেছে নিয়ে প্রবল বুদ্ধির পরিচয় দিয়েছেন জো বাইডেন। প্রসঙ্গত, কমলা হ্যারিসের নাড়ির সূত্র গাঁথা এই ভারত এবং জামাইকা। এবং গত কয়েক মাসের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে উত্তাল আমেরিকায় কমলা ভোট টানতে পারবেন।

কমলার নির্বাচনী ভাষণে উঠে এল ভারতের প্রসঙ্গ
আর এহেন কমলার প্রথম নির্বাচনী ভাষণেই উঠে এল ভারতের প্রসঙ্গ। এদিন তিনি তাঁর বাবা মায়ের আমেরিকায় আসার কথা বলেন। কমলাই হলেন প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় আমেরিকান, যিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য দল থেকে মনোনিত হয়েছেন। তাঁর বাবা ডোনাল্ড এসেছিলেন জামাইকা থেকে। মা শ্যামলা আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের তামিলনাডু থেকে।

সাধারণ জীবনজাপনের প্রসঙ্গ
এদিন কমলা নিজের সাধারণ জীবনজাপনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, 'আপনি কি জানেন যে, ক্যালিফোর্নিয়ায় একটি সরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে একটি শিশু ক্লাস করার জন্য প্রতি দিন বাসে করে স্কুলে যেত? সেই ছোট্ট মেয়েটি ছিলাম আমি। আমায় সৎ, দায়িত্ববান এবং নিষ্ঠাবান হতে সাহায্য করেছিল এই সাধারণভাবে বেড়ে ওঠার বিষয়টি।'

কমলার মা এবং ভারতীয় সত্ত্বা
তাঁর মায়ের বিষয়ে কমলা বলেন, 'আমার মায়ের গায়ের রং বাদামি। তিনি একার হাতে আমাদের দুই বোনকে বড় করে তোলেন। তিনি ছিলেন এক জন গর্বিত মহিলা। তাঁর উচ্চারণে যথেষ্ট টান ছিল। তিনি এমন এক জন মানুষ ছিলেন, যাঁকে খুব সহজেই উপেক্ষা করা যায়। অনেকেই তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। এমনকী তাঁর উচ্চারণ দেখে তাঁর বুদ্ধিমত্তাও বিচার করেছেন অনেকে। কিন্তু আমার মা প্রতি ক্ষেত্রেই তাঁদের ভুল প্রমাণ করেছেন। তাঁর জন্যই আজ আমি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী।'












Click it and Unblock the Notifications