মার্কিন গণতন্ত্রের উপর অভূতপূর্ব হামলায় মৃত বেড়ে ৪, ট্রাম্পের বিরুদ্ধে গর্জে উঠলেন বাইডেন!
আমেরিকায় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরব হলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে আমেরিকার গণতন্ত্রের উপর অভূতপূর্ব হামলা বলে সমালোচনা করলেন তিনি। আজকের এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। ট্রাম্প সেই অভ্যুত্থানে ইন্ধন যুগিয়েছেন।

মৃত্যু হয় চারজনের
২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন। তার আগে আজ ক্যাপিটল বিল্ডিংয়ে যৌথ অধিবেশন চলার সময় তার বাইরে ভিড় করতে শুরু করেন রিপাবলিকানরা। পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা আঁচ করতে পেরে আগে থেকেই ক্যাপিটল হিলসে মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পুলিশ ও ন্যাশনাল গার্ড। তাতেও লাভ হয়নি। বিক্ষোভ দেখাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। মৃত্যু হয় চারজনের।

ট্রাম্পকে জাতীয় টেলিভিশনে এসে বক্তব্য রাখার আবেদন
বিশৃঙ্খল এই পরিস্থিতিকে সামাল দিতে ট্রাম্পকে জাতীয় টেলিভিশনে এসে বক্তব্য রাখার আবেদন জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় টেলিভিশনে এসে এই বিক্ষোভকারীদের শান্ত করুন। প্রতিবাদের নামে ভাঙচুর চলছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা কোনও প্রতিবাদ নয়, সরাসরি বিদ্রোহ।'

যা বলেন ট্রাম্প
এর আগে ট্রাম্প একটি ভাষণ রেখেছিলেন, যা এই বিদ্রোহে ইন্ধন যুগিয়েছিল। তিনি বলেছিলেন, ''আমাদের দেশ অনেক সহ্য করেছে। আর আমরা সহ্য করব না।' তবে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ট্রাম্প একটি বার্তা প্রকাশ করেন, তাতে তিনি বলেন, 'আমি আপনাদের কষ্ট বুঝি, আমি জানি, আপনারা আহত হয়েছেন। নির্বাচনের ফলে কারচুপি হয়েছে। এটা একতরফা নির্বাচন ছিল। সকলেই তা জানে। বিশেষ করে অপর পক্ষ। নির্বাচনে চুরি করা হয়েছে। কিন্তু আপনারা এবার বাড়ি যান। আমাদের শান্তি দরকার।'

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন জো বাইডেন
৭ নভেম্বর ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন জো বাইডেন। পাশাপাশি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তবে, ভোটে জিতলেও তৎকালীন প্রেসিডেন্ট একাধিকবার বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলতে থাকেন। কড়া প্রতিক্রিয়া জানান বাইডেনও। অবশেষে, ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন বাইডেন।












Click it and Unblock the Notifications