কমলা হ্যারিসকে স্ত্রী বানিয়ে ফেললেন জো বাইডেন! মুখ ফসকে এ কেমন ভুল করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট
কমলা হ্যারিসকে স্ত্রী বানিয়ে ফেললেন জো বাইডেন! মুখ ফসকে এ কেমন ভুল করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট
ভুল–ত্রুটি মানুষ মাত্রই হয় এটা জানা কথাই। কিন্তু মার্কিন প্রেসিডেন্টও যে ভুল করতে পারেন তার প্রমাণ পাওয়া গেল। ভাইস–প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভুলবশত 'ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে বসলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এই কথা শুনে দর্শকদের মধ্যে হাসির রোল দেখা যায়। এরপর বাইডেন তাঁর ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নেন।

হোয়াইট হাউসে ইক্যুয়াল পে দিবস অনুষ্ঠানে বক্তব্য করতে গিয়ে এই ভুল করে বসেন ৭৯ বছরের প্রেসিডেন্ট। এই অনুষ্ঠানে কেন ভাইস প্রেসিডেন্ট আসেননি তার ব্যাখা দিতে গিয়েই মুখ ফসকে 'ফার্স্ট লেডি’ শব্দটি বেরিয়ে যায় প্রেসিডেন্টের মুখ থেকে। বাইডেন বলেন, 'মঞ্চে আসনের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে। কারণ, ফার্স্ট লেডির স্বামী করোনা সংক্রমিত হয়েছেন।’ এ কথা বলার পরেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে নেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সবাই হাসিতে ফেটে পড়েন। কয়েকজন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন, 'কমলা হ্যারিস যদি ফার্স্ট লেডি হন, তাহলে তো আপনি করোনা আক্রান্ত।’ হেসে বাইডেন জবাব দেন, 'আপনারা ঠিকই বলেছেন।’ এরপর তিনি বলেন, 'সেকেন্ড লেডি সুস্থই আছেন। ফার্স্ট জেন্টলম্যান করোনা আক্রান্ত। এবার ঠিক আছে?’ এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত কমলা হ্যারিসের স্বামী ডুগ এমহফ এ সপ্তাহের গোড়াতেই করোনায় আক্রান্ত হয়েছেন। কমলা হ্যারিস সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে বলেছিলেন, 'ডুগ এমহফ করোনায় আক্রান্ত হয়েছেন আজকে। এমহফ ভালো আছেন এবং আমরা কৃতজ্ঞ যে ভ্যাকসিন পেয়েছি এবং বুস্টার ডোজও পেয়েছি।। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং আবারও টেস্ট করাতে হবে। আপনার করোনা না হয়ে থাকলে দয়া করে টিকাকরণ ও বুস্টার ডোজ নিয়ে নিন।’
এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল কথা বলে হাসির খোরাক হয়েছেন বাইডেন। এ মাসের গোড়ায় সাংবাদিক বৈঠকে তিনি ইউক্রেনের লোকজন সম্পর্কে বলতে গিয়ে তাঁদের ইরানিয়ান বলেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ভ্লাদিমির পুতিন কিভকে ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি ইরানের মানুষের হৃদয় ও আত্মা জয় করতে পারবেন না।’ ফের হাসির খোরাক হলেন বাইডেন। গত বছর তিনি ভুলবশত ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে 'প্রেসিডেন্ট হ্যারিস’ বলে সম্বোধন করে বসেন।












Click it and Unblock the Notifications