ভাইয়ের মত পাশে থেকেছে ভারত, শ্রীলঙ্কা-সংকটে কৃতজ্ঞতা স্বীকার জয়সূর্য, রণতুঙ্গার
কৃতজ্ঞতা স্বীকার জয়সূর্য, রণতুঙ্গার
পেট্রোল ডিজেলে টান। খাদ্য সামগ্রীর ভাঁড়ার শূণ্য। ওষুধের সংকট, চিকিৎসা সামগ্রী অমিল। তার মধ্যেই শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। সব মিলিয়ে শ্রীলঙ্কার অবস্থা অত্যন্ত সঙ্গীন। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। শত্রুতা হোক কিংবা বৈরিতা, সবসময় বিপদের দিনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নিজের আন্তর্জাতিক সম্পর্ক ভুলেই তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দু'বার ভাবেনি ভারত। সম্প্রতি ভারতের একই বন্ধুত্ব দেখেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও। কারণ সেক্ষেত্রে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশের সমর্থনে বা বিপক্ষে কথা বলেনি। আর এবার শ্রীলঙ্কার চরম দুর্দিনে প্রতিবেশী দেশের দিকেও সাহায্যের হাত বাড়াল ভারত। আর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নয়াদিল্লির প্রশংসা শোনা যাচ্ছে সেদেশের তারকা ক্রিকেটারদের গলাতেও।

ভারতের সাহায্যকে কুর্নিশ জয়সূর্যর
ভারতের এই সাহায্যকে এককথায় কুর্নিশ জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার শ্রীলঙ্কায় চলমান সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতকে জ্যেষ্ঠ ভ্রাতার স্থান দিয়ে বলেছেন, এই সংকটের মধ্যে সাহায্য করার জন্য মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, "ভারত বরাবর বড় ভাইয়ের মতো সব সময় সমস্যায় পাশে দাঁড়িয়েছে। এইজন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ।"

চরমে শ্রীলঙ্কার দুর্গতি!
শ্রীলঙ্কায় যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা করার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে আহ্বান জানিয়েছেন জয়সূর্য। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানির ঘাটতি রয়েছে। ১০-১২ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। দেশবাসীর পক্ষে যা চরম সীমায় পৌঁছে গিয়েছে। তাই বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছে মানুষ। তাই এবার সরব হয়েছেন সেই দেশের বিশিষ্ট নাগরিকরাও। সনৎ জয়সূর্য সতর্ক করে জানিয়েছেন, 'পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করা না হলে, দেশে বিপর্যয় আসন্ন। আর কোনও ধরনের বিপর্যয় দেখতে রাজি নয় শ্রীলঙ্কা।' ৩-৪ কিলোমিটার গাড়ি তে গিয়ে ডিজেল, জ্বালানি গ্যাস ও গুঁড়ো দুধের ব্যবস্থা করতে হচ্ছে। দেশের মানুষ চরম সংকটের মধ্যে রয়েছেন। গোটা দেশে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটর।
|
অর্জুন রণতুঙ্গার কৃতজ্ঞতা
শ্রীলঙ্কার পাশে ভারত সাহায্যের হাত নিয়ে দাঁড়ানোয় ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গাও একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত শুধু আর্থিক সাহায্য করছে না এখানে পরিস্থিতির দিকেও নজর রাখছে। শ্রীলঙ্কায় প্রয়োজনীয় জ্বালানির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের খেয়াল রাখছে ভারত। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীর উদার মানসিকতার কথা বলেছেন। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "কলম্বো, শ্রীলঙ্কা, এই সরকার নিজেদের স্বার্থে পুরো সংবিধান পরিবর্তন করেছে। ভারত আমাদের বড় ভাই। তারা পেট্রোল এবং ওষুধের মতো আমাদের চাহিদাগুলি দেখছে। ভারত আমাদের অনেক সাহায্য করছে" অর্জুন রণতুঙ্গার এই মন্তব্যই টুইট করে তুলে ধরেছে সেই সংবাদ সংস্থা।

গভীর সংকটে সাগরের দেশ
প্রসঙ্গত, শ্রীলঙ্কা একটি গভীর আর্থিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রা অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় আমদানির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে শ্রীলঙ্কাকে। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে আইন প্রণয়ন, জোড়া ফলায় আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। দেশে চলমান সংকটের জেরে জ্বালানি ও রান্নার গ্যাসের পাশাপাশি প্রয়োজনীয় কিছু ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। এই ঘটনায় দেশবাসীকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য করেছে। প্রাক্তন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা সহ অন্যান্য ক্রিকেটাররা সরকার বিরোধী এই দেশব্যাপী বিক্ষোভকে সমর্থন করেছেন।












Click it and Unblock the Notifications