ফিলিস্তিন-ইসরায়েল সঙ্কট: জেরুসালেমে দূতাবাস সরিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত বাতিল করলো অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ ইসরায়েল
পশ্চিম জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়া চার বছর আগে নিয়েছিল - দেশটির মধ্য-বামপন্থী নতুন সরকার তা বাতিল করেছে। ইসরায়েলে তাদের দূতাবাসটি তেল আভিভেই থাকবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ২০১৮ সালে নেয়া ওই সিদ্ধান্ত "শান্তির জন্য ক্ষতিকর এবং অন্যান্য দেশের তুলনায় বেমানান" ছিল। তবে তিনি বলেন, অস্ট্রেলিয়া আগের মতই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু থাকবে। এ সিদ্ধান্ত ঘোষণার পর ইসরায়েল অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে এর প্রশংসা করেছেন ফিলিস্তিনি নেতৃত্ব।
ইসরায়েল-ফিলিস্তনি সঙ্কটে জেরুসালেম শহরের মর্যাদা খুবই সংবেদনশীল একটি বিষয়। ২০১৭ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মার্কিন নীতিতে পরিবর্তন এনে এই প্রাচীন শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্ত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।
পরের বছর অর্থাৎ ২০১৮ সালে মার্কিন দূতাবাস তেল আভিভ থেকে সরিয়ে জেরুসালেমে নিয়ে যাওয়া হয়।
আরো পড়তে পারেন:
- জেরুজালেম রাজধানীর স্বীকৃতি পেলে বিপদ কোথায়?
- আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল
- ফিলিস্তিনে ইহুদি বসতি এলো যেভাবে
এর কয়েক মাস পরেই অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবং তাদের দূতাবাস ঐ শহরে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
কিন্তু অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন মধ্য-বামপন্থী সরকার এখন বলছে যে মি. মরিসন রাজনৈতিক কারণে ঐ সিদ্ধান্ত নিয়েছিলেন, জানাচ্ছেন জেরুসালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা টম বেটম্যান ।
তারা বলছে, ঐ সিদ্ধান্ত ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে একটি ভবিষ্যত সমঝোতা মীমাংসার জন্য অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিকে ক্ষুণ্ণ করেছিল।
সম্পর্কিত আরো খবর:
- ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাতের মূলে যে দশটি প্রশ্ন
- জেরুজালেমে কেন প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব?
- হারাম আল-শরিফ কেন এত স্পর্শকাতর একটি স্থান?
তবে ইসরায়েল সরকার অস্ট্রেলিয়ার বর্তমান সিদ্ধান্তকে 'অদূরদর্শী এবং গভীর হতাশাজনক' বলে বর্ণনা করেছে। অন্যদিকে ফিলিস্তিনিরা একে স্বাগত জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পর এপর্যন্ত মাত্র তিনটি দেশ তাদের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নিয়েছে। ব্রিটেনের বর্তমান সরকারও তার দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছে।
জেরুজালেম শহরকে ইসরায়েল তার চিরন্তন অবিভক্ত রাজধানী হিসেবে বিবেচনা করে। কিন্তু ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে - যা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে - তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়।
জেরুসালেমের ওপর ইসরায়েলি কর্তৃত্ব কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
- শত কোটি ডলার জরিমানার পরেও কি বন্ধ হবে ষড়যন্ত্র-তাত্ত্বিকের মিথ্যার বেসাতি?
- আলাদা টাইম জোন, জেট ল্যাগ আর 'তরমুজ' জার্সির বিশ্বকাপ
- বিবিসির ১০০ বছরের ইতিহাসের কিছু অজানা কথা
- ইংল্যান্ড যে পাঁচ কারণে টি-টোয়েন্টিতে ভীতিকর এক দল
- ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর আরো রুশ হামলা














Click it and Unblock the Notifications