Israel-Palestine Conflict: যুদ্ধে আরও এক সাফল্য ইজরায়েলের! ড্রোন হামলায় মৃত্যু হামাসের ডেপুটি লিডারের
Israel-Palestine Conflict: হামাসের শীর্ষ নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। ইজরায়েল ও হামাসের লড়াইয়ের মধ্যে হিজবুল্লাহের টেলিভিশন বলেছে, বেইরুতের দক্ষিণে একটি বিস্ফোরণে হামাস নেতার মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ বেইরুতে ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিলে সালেহ আরৌরি।
এদিকে এই ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইজরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সালেহ আরৌরিকে মারার উদ্দেশ্য হল ইজরায়েলের দক্ষিণভাগে চলা যুদ্ধের মধ্যে লেবাননকে টেনে আনা।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সালেহ আরৌরি ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬৬ সালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় জন্মগ্রহণ করেন। ইজরায়েলের কারাগারে প্রায় ১৫ বছর কাটিয়ে দীর্ঘদিন লেবাননে নির্বাসিত জীবনযাপন করছিলেন ওই হামাস নেতা।
ইজরায়েলি সেনাবাহিনী গত বছরের অক্টোবরে রামাল্লার কাছে তাঁর বাড়ি গুঁড়িয়ে দেয়। তবে তার আগে ২০১৫ সালে আমেরিকা সালেহ আরৌরিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল এবং তাঁর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
উল্লেখ করা প্রয়োজন যে, বেইরুতের দক্ষিণে হিজবুল্লাহ ও ফিলিস্তিনি গোষ্ঠী সক্রিয় রয়েছে। সেখানে হামাসের কার্যালয়ও রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে হত্যাকাণ্ডের বিষয়ে হিজবুল্লাহ ইজরায়েলকে আগেই সতর্ক করেছিল।
তবে এ বিষয়টি যে একদিনে হয়নি তা পরিষ্কার আগেই হয়ে গিয়েছে। গত বছর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে থাকা ফিলিস্তিনি নেতাদের হুমকি দিয়েছিলেন। সেই সময় অবশ্য হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরাল্লাহ পাল্টা হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, লেবাননের মাটিতে কোনও লেবানিজ, ফিলিস্তিনি, ইরানি বা সিরিয়ানকে হত্যা করলে তার ফল মারাত্মক হবে।












Click it and Unblock the Notifications