Israel-Palestine Conflict: যুদ্ধের সপ্তম দিনে মৃতের সংখ্যা পেরল তিন হাজার! হিজবুল্লার ঘাঁটিতে হামলা ইজরায়েলের
Israel-Palestine Conflict: গত শনিবার হামাস অতর্কিতে হামলা চালায় ইজরায়েলে। তারপর থেকে প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল। সেদিন থেকে পরের সাত দিনে সব মিলিয়ে অন্তত তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারতের অপারেশন অজয়ের অধীনে ২৩৫ জন ভারতীয়কে নিয়ে দ্বিতীয় ব্যাচ দিল্লিতে এসে পৌঁছেছে।
ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ তাদের একটি ড্রোনকে গুলি করে, তারপরেই ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালায়। উত্তর গাজার প্রায় দশ লক্ষ ফিলিস্তিনি ইজরায়েলের স্থল আক্রমণের আগে তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়। তাদের জোর করে উচ্ছেদের ইজরায়েলের আদেশ কুয়েত প্রত্যাখ্যান করেছে।

আলজাজিরার রিপোর্ট অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে ইজরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চিনের প্রতিনিধি ইজরায়েল ও সাজা সংকট নিয়ে আলোচনার জন্য আরব লিগের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস ইজরায়েলি সরকারকে উত্তর গাজায় তাদের সরিয়ে নেওয়ার আদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইজরায়েলের পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী ২৩ লক্ষ মানুষের অর্ধেককে প্রভাবিত করতে পারে বলেও মন্তব্য করা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।
ইজরায়েলের তরফে প্রাক্তন বিদেশমন্ত্রী ড্যানি আয়লোন আল জাজিরাকে বলেছেন গাজার ফিলিস্তিনিদের উচিত বাড়িঘর ছেড়ে মিশনের সিনাই মরুভূমিতে পালিয়ে যাওয়া, যেখানে তাদের জন্য তাবু তৈরি করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন গাজার জনগণকে সাময়িকভাবে এলাকা খালি করতে বলা হয়েছে, যাতে হামাসের লোকদের হত্যা করা যায়।
এদিকে ফিলিপিন্সের বিদেশ বিভাগ গত সপ্তাহে হামাসের হামলায় তৃতীয় ফিলিপিনো নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেদেশের বিদেশ বিভাগের এক কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে, হামলায় মৃত ব্যক্তি একজন ফিলিপিনো নাগরিক যিনি ইজরায়েলে কাজ করতেন।
গত সাতদিনে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে প্রায় ১৩০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে এবং আহতের সমখ্যাটা ৩৪০০-র বেশি। অন্যদিকে ইজরায়েলি হামলায় গাজায় প্রায় ১৯০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৭৭০০ জন। পশ্চিম তীরে আহতের সংখ্যাটা প্রায় ৭০০।
মার্কিন সংবাদ নেটওয়ার্ক MSNBC গত সপ্তাহে ইজরায়েলে হামলা এবং পরবর্তীতে গাজায় ইজরায়েলি বোমা হামলার পরে তিনজন মুসলিম সাংবাদিককে অ্যাঙ্করিং থেকে সরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।
হামাস-ইজরায়েল সংঘাতের মধ্যে ২১২ জন ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়ার পরে শুক্রবার ২৩৫ জন ভারতীয় সহ দ্বিতীয় ব্যাচকে নিরাপদে ফিরিয়ে নিয়ে গিয়েছে ভারত। প্রসঙ্গত ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নিতে ভারত সরকার অপারেশন অজয় চালু করেছে।












Click it and Unblock the Notifications