Israel-Palestine Conflict: গাজা খালি করতে তিন ঘন্টা সময় ইজরায়েলের! নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি
Israel-Palestine Conflict: গাজার উত্তরাঞ্চল থেকে সেখানকার নাগরিকদের সরে যেতে তিন ঘন্টা সময় দিল ইজরায়েল। ইজরায়েলের সেনা বাহিনী জানিয়েছে স্থানীয় সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টার অর্থাৎ তিন ঘন্টার জন্য এই রুটে কোনও অভিযান চালানো হবে না। এই সময়ের জন্য এই রুটকে নিরাপদ রুট বলেও বর্ণনা করা হয়েছে ইজরায়েলের সেনাবাহিনীর তরফে।
ইজরায়েলের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় যেতে এই সময় ব্যবহার করুন। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য এই সুযোগ গ্রহণ করতেও সেনাবাহিনীর তরফে আহ্বান জানানো হয়েছে।

ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজা আক্রমণের পরিকল্পনা করেছে। তবে কখন স্থলে হামলা করা হবে, তা জানানো হয়নি। জানা গিয়েছে শনিবার গভীর রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার প্রস্তুতি নেওয়া সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন।
পোপ ফ্রান্সিস গাজায় আটকে পড়া মানুষদের সাহায্যের জন্য একটি মানবিক করিডরে আহ্বান জানিয়েছেন। এর সঙ্গে তিনি হাসামের হাতে পণবন্দি হওয়া লোকেদের মুক্তির জন্য ফের একবার আহ্বান জানিয়েছেন। সেন্ট পিটার্স স্কোয়ারের ভাষণে তিনি বলেছেন, শিশু, অসুস্থ, বয়স্ক, মহিলা, অসামরিক নাগরিকরা যেন সংঘাতের শিকার না হয়।
ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লিভারলি এই যুদ্ধে অসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে সংযম প্রদর্শনের জন্য ইজরায়েলের কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে ব্রিটেন।
এদিকে মধ্য প্রাচ্যে সংঘাত বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এদিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন বিষয়টি নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনের সঙ্গে কথা বলেছেন। সেখানকার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জোরদার প্রচেষ্টার কথাও জানিয়েছে সৌদি আরব।












Click it and Unblock the Notifications