Israel-Palestine Conflict: প্রয়োজনে বিশ্বের বিরুদ্ধে...! ফের একবার হামাসকে নির্মূলের শপথ নেতানিয়াহুর
Israel-Palestine Conflict: হামাসকে নির্মূল করতে গিয়ে ইজরায়েলের হামলায় গাজায় হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। যে কারণে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন তিনি এব্যাপারে পাল্টা আক্রমণ শানিয়েছেন।
ইজরায়েলের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী হামাসকে পরাজিত করতে ফের একবার তাঁর অঙ্গীকার পুনব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনে বিশ্বের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবেন।

এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং মন্ত্রী বেনি গ্যান্টজের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, পশ্চিমী দেশগুলি যেন ইহুদি রাষ্ট্রের জন্য তাঁদেরকে সমর্থন করেন। যৌথ বিবৃতিতে তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে জয়ের অর্থ হল সমগ্র মুক্ত বিশ্বের বিজয়।
ইজরায়েলের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল যুদ্ধের পরে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফিরে আসার বিরোধিতা করবেন তারা। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক দেশ গাজা উফত্যকায় মানবিক পরিস্থিতির অবনতি এবং অসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারই প্রতিক্রিয়া এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
প্রসঙ্গত ইজরায়েলের সব থেকে বড় সমর্থনকারী বলে পরিচিত আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কন শুক্রবার গাজার অসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের কাছে যাতে মানবিক সাহায্য পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেছেন, যুদ্ধে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তার পরেও নেতানিয়াহু হামাসকে নির্মূল করতে আমেরিকাবাসীদের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাস আমেরিকার জন্যও হুমকির কারণ হতে পারে।
শুধু আমেরিকাতেই নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ফিলিস্তিনিদের সমর্থনের রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। গত শনিবার লন্ডনে গণসমাবেশের আয়োজন করা হয়েছিল। এব্যাপারে নেতানিয়াহু বলেছেন চাপের কাছে নতি স্বীকার করবেন না। কিছু দেশে এমন কিছু লোক রয়েছেন, যাঁরা যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। কিন্তু এই যুদ্ধ ইজরায়েলকে নিজের জন্য এবং বিশ্বের জন্য জিততে হবে।
প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পরে ইজরায়েলের বিমান হানায় গাজায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ৪৫০০ ওপরে শিশু এবং প্রায় তিন হাজার মহিলা রয়েছেন।












Click it and Unblock the Notifications