Israel Attacks Yemen: হামাস, হিজবুল্লার পর টার্গেট হুথি দমন, ইয়েমেনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের
Israel Attacks Yemen: ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব ইজরায়েলের। গাজা, লেবানন, ইরানের পর এবার ইয়েমেনে এয়ারস্ট্রাইক (Airstrikes) ইজরায়েলের। ইয়েমেনের হুথি বাহিনীকে (Houthi) টার্গেট করে আকাশপথে লাগাতার হামলা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। যার জেরে এখনও পর্যন্ত হোদেইদাহ (Hodeidah) প্রদেশের বন্দর শহরে ৯ জনের প্রাণ গিয়েছে বলে খবর।
দীর্ঘ এক বছরে ইজরায়েলে শয়ে শয়ে মিসাইল হামলা (Missile Attack) চালিয়েছে হুথি বাহিনী। বৃহস্পতিবার হুথিদের বিরুদ্ধে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ডজনখানেক যুদ্ধবিমান নিয়ে ইয়েমেনে হামলা চালানো হয়। গত সপ্তাহে ২ বার হামলা চালিয়েছিল হুথি বাহিনী। তারই পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছিল ইজরায়েলি সেনা।

তেল আভিভের (Tel Aviv) কাছে স্কুলে মিসাইল হামলা চালিয়েছে হুথি বাহিনী। ঘটনার তদন্তে নেমে কোথায় গাফিলতি হয়েছে তার সন্ধান চালাচ্ছে ইজরায়েলের সেনা। প্যালেস্তাইনের (Palestine) পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের এই হুথি বাহিনী। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বারবার তারা হামলা চালাচ্ছে ইজরায়েলে।
হুথি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদাহ প্রদেশে লাগাতার মারণাত্মক হামলা চালানো হয়েছে। বিমান হামলার জেরে হোদেইদাহর পশ্চিমাঞ্চলে সালিফে ৭ জন ও রাস ইশা জ্বালানি মজুত কেন্দ্রে ২ জন মারা গিয়েছেন।
পাশাপাশি হোদেইদাহর বন্দরে (Port) হামলায় ধ্বংস করা হয়েছে একটি সামরিক জাহাজও। সানার দক্ষিণ ও উত্তরে অবস্থিত দুটি বিদ্যুৎকেন্দ্রেও (Power Station) হামলা চালিয়েছে ইজরায়েল। যার জেরে হাজার হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানান, "হামাস, হিজবুল্লা, সিরিয়ার আসাদ জমানার পর ইরানের কাছে শেষ সম্বল হল হুথি বাহিনী। হুথি ইতিমধ্যেই জবাব পেয়েছে, আগামিদিনে আরও কঠিন জবাব পাবে। যারাই ইজরায়েলে হামলা চালাবে, তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।" হুথি গোষ্ঠীর নেতাদের হুঁশিয়ারিও দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়ের কাটজ্।
পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথি বাহিনীও। হামলার পাল্টা হামলা দিয়েই জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা। ইয়েমেনে আমেরিকার মদতে হামলা চালানো হয়েছে বলে দাবি হুথির সদস্য মহম্মদ আল বুখেইতির। গাজায় যতদিন না হামলা বন্ধ হচ্ছে, গাজাবাসীর জন্য যতদিন না খাবার, ওষুধ ও জ্বালানির ব্যবস্থা করা হবে, ততদিন পর্যন্ত ইজরায়েলের বিরুদ্ধে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বাহিনী।












Click it and Unblock the Notifications