শ্রীলঙ্কায় ৩ জঙ্গির মৃত্যুর খবর স্বীকার আইএসের, ভারতীয়দের না যাওয়ার পরামর্শ
পূর্ব শ্রীলঙ্কায় আত্মঘাতী বিস্ফোরণের দায় নেওয়ার পাশাপাশি তাদের তিন জঙ্গির মৃত্যুর খবরও স্বীকার করেছে আইএসআইএস।
পূর্ব শ্রীলঙ্কায় আত্মঘাতী বিস্ফোরণের দায় নেওয়ার পাশাপাশি তাদের তিন জঙ্গির মৃত্যুর খবরও স্বীকার করেছে আইএসআইএস। মৃত জঙ্গিদের নাম আবু হামাদ, আবু সুফিয়ান ও আবু আল কোয়া বলে আইএস মদতপুষ্ট অ্যামাক নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার সামগ্রিক পরিস্থিতিতে সেদেশে প্রয়োজন ছাড়া ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে এদেশের বিদেশ মন্ত্রক।

উল্লেখ্য, ২৬ এপ্রিল রাতে শ্রীলঙ্কার কালমুনাইয়ে জঙ্গি বিরোধী অভিযান চালায় সেনা ও পুলিস। ওই অভিযানের সময়েই জঙ্গিরা তিনটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ১৭ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। এরপর পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, গুলিবদ্ধ হয়ে ছয় শিশু সহ আরো পনেরো জনের মৃত্যু হয় বলে অভিযোগ। গুলির লড়াইয়েই হামলাকারী তিন আইএস জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে দাবি শ্রীলঙ্কা পুলিশের। যদিও জঙ্গিদের মৃত্যু আত্মঘাতী বিস্ফোরণেই হয়েছে বলে পাল্টা দাবি করেছে আইএস। অ্যামাক নিউজ এজেন্সির তরফে মৃত জঙ্গিদের অস্ত্র হাতে হামলার আগের ছবিও প্রকাশ করা হয়েছে ।
অন্যদিকে, এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ভারতীয়দের শ্রীলঙ্কা না যাওয়ার পরামর্শ দিয়েছে এদেশের বিদেশ মন্ত্রক। রবিবার মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে যে সকল ভারতীয় এখনও শ্রীলঙ্কায় আটকে আছেন, তাঁদের অবিলম্বে সেখানকার ভারতীয় হাই-কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছে। আইএস ওই বিস্ফোরণের দায় নিলেও শ্রীলঙ্কা সরকার মনে করছে হামলার পেছনে রয়েছে স্থানীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতই। চার্চ এবং হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু'টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধও করেছে শ্রীলঙ্কা সরকার। হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই দেশজুড়ে তল্লাশি শুরু হয়েছে। এখনও প্রর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছে মোট ১৪০ জন।












Click it and Unblock the Notifications