ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, মৃত বহু, আহত শতাধিক
ইসলামাবাদের একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়েছেন। ডন নিউজ সূত্রে এই খবর জানা গিয়েছে। শেহজাদ টাউনের ভেরলাই ইমামবাড়ায় জুম্মার নমাজের সময় শিয়াদের মিলনস্থলকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলাটি হয় বলে জিও টিভি জানিয়েছে।
বিস্ফোরণের পরপরই টেলিভিশন ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এই হামলাটির তীব্র নিন্দা জানানো হয়েছে। পাকিস্তানের সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী 'এক্স'-এ এটিকে "কাপুরুষোচিত কাজ" আখ্যা দিয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সেনেটের বিরোধী নেতা আল্লামা রাজা নাসির আব্বাস একে নিরাপত্তার "গুরুত্বপূর্ণ ব্যর্থতা" উল্লেখ করে হুঁশিয়ারি দেন যে, উপাসনালয়ে হামলা "কোনও পরিস্থিতিতে বরদাস্ত করা হবে না।"
পাকিস্তানি বাহিনীর সঙ্গে বালুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষে ব্যাপক হতাহতের ঘটনার কয়েকদিন পরেই এই বিস্ফোরণটি ঘটল। এটি ইসলামাবাদে চলতি বছরে দ্বিতীয় হামলার ঘটনা। গত নভেম্বরেও পাকিস্তানের ফেডারেল রাজধানীতে একটি আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন প্রাণ হারিয়েছিলেন।












Click it and Unblock the Notifications