জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের কথা মেনে নিল আইএসআই
জঙ্গি যোগের কথা স্বীকার করে নিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, যোগ থাকা আর প্রশ্রয় দেওয়া এক নয়, দাবি আইএসআই-এর
জঙ্গি যোগের কথা স্বীকার করে নিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আইএসআই-এর ডিরেক্টর জেনারেল জেনারেল আসিফ গফুরের দাবি, যোগ থাকা আর প্রশ্রয় দেওয়া এক নয়। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকাকে ইতিবাচক হিসেবেও দেখা যেতে পারে বলে দাবি করেছেন তিনি।

চলতি সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মাটিস অভিযোগ করেছিলেন, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-র সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এবং তারা নিজস্ব বিদেশ নীতি চালাচ্ছে। এই প্রসঙ্গে আইএসআই ডিরেক্টর জেনারেল বলেন, জেমস মাটিস একবারও বলেননি যে আইএসআই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। তাঁর দাবি, এমন কোনও গোয়েন্দা সংস্থা নেই যাদের জঙ্গিদের সঙ্গে যোগ নেই। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকা মানেই যে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া তা নয়।
এদিন পাকিস্তানের নিষিদ্ধ জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক সংগঠন মিলি মুসলিম লিগে নির্বাচনে লড়ায় কোনও বাধা নেই বলে জানিয়েছেন তিনি। তবে এই মিলি মুসলিম লিগকেই মাস কয়েক আগে উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেদেশের নির্বাচন কমিশন। মিলি মুসলিম লিগকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে ভারতকেও আক্রমণ করেছেন জেনারেল আসিফ গফুর। তাঁর অভিযোগ, ভারত অস্ত্রবিরতির লঙ্ঘন করায় গত এক বছরে ২২২ জন পাকিস্তানীর মৃত্যু হয়েছে। ভারতকে উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল।












Click it and Unblock the Notifications