এবার আমেরিকার ওপরে হামলার হুঁশিয়ারি ইরানের! ইজরায়েলে আক্রমণ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
মধ্য প্রাচ্যে ফের যুদ্ধ। শনিবার গভীর রাতে ইরান ড্রোন হামলা চালায় ইজরায়েলের ওপরে। ইরান ইতিমধ্যেই কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে। তবে ইজরায়েলের দাবি তারা ৯৯ শতাংশ হামলা প্রতিরোধ করেছে। ইজরায়েলের ওপরে এই হামলায় ক্ষুব্ধ পশ্চিমী দেশগুলি। ফলে শুধু মধ্য প্রাচ্যেই নয়, সারা পৃথিবী জুড়েই উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু আমেরিকাই নয়, ব্রিটেন, জার্মানির পাশাপাশি রাষ্ট্রসংঘও এই হামলার নিন্দা করেছে। এই হামলায় আমেরিকা ইজরায়েলের পাশে থাকার কথা ঘোষণা করেছে।
এদিকে ইরান আমেরিকাকে সতর্ক করে বলেছে, আমেরিকার যদি ইজরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপকে সমর্থন করে, তাহলে তারা আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তাদের দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যে কোনও পরিস্থিতিতে তারা ইজরায়েলকে রক্ষা করবে। সিরিয়ার রাজধানী দামাস্কাসের ইরানি দূতাবাসে ইজরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতেই ইরানের এই হামলা।

হামলার নিন্দায় আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইজরায়েলে ইরানের হামলার নিন্দা করেছেন। এব্যাপারে ১৫ এপ্রিল জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক ডাকা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি ইজরায়েলের নিরাপত্তায় সবরকমভাবে পাশে থাকার কথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাপান, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, মেক্সিকো, নেদারল্যান্ডস ও নরওয়ে ইরানের হামলার নিন্দা করেছে।
হামলা প্রতিহত করা হয়েছে
অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ ইরানের হামলা প্রতিহত করেছে। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, তারা এই যুদ্ধে জয়ী হবেন। ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়েল হাগারি ইরানের পদক্ষেপকে গুরুতর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি দেশের সীমান্তের বাইরে নিষ্ক্রিয় করা হয়েছে।
আমেরিকাকে ধন্যবাদ
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট তাদেরকে সমর্থনের জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন। ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফের এক মুখপাত্র বলেছেন, ইরানের আক্রমণে এখনও পর্যন্ত বছর সাতেকের এক শিশু গুরুতর আহত হয়েছে এবং একটি বিমানঘাটির সামান্য ক্ষতি হয়েছে।
ভারতের আহ্বান
ইজরায়েলের ওপরে ইরানের হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ইজরায়েল ও ইরানের মধ্যে এই বৈরিতা উদ্বেগজনক, যা এলাকার শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। যে কারণে ভারতের তরফে উত্তেজনা হ্রাস, সংযম এবং হিংসা থেকে সরে এসে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।












Click it and Unblock the Notifications