ইরানে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৪ বছরের শিশুর! আহত অন্তত ১৪
দক্ষিণ ইরানের উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে শনিবার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৪ বছরের এক শিশুর। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ১৪ জনকে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি আবাসিক বহুতলে গ্যাস লিক থেকেই এই বিস্ফোরণ ঘটে।
খবর অনুযায়ী, শহরের মোয়াল্লেম বুলেভার্ডে অবস্থিত ৮ তলা একটি আবাসনে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই বহুতলের দু'টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের একাধিক দোকান ও রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থলের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ভবনের একটি বড় অংশ কার্যত উড়ে গিয়েছে।

বন্দর আব্বাস শহরের দমকল প্রধান মহম্মদ আমিন লিয়াঘাত জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে থাকার ফলেই বিস্ফোরণ ঘটে। তাঁর বক্তব্য, ভবনের ভিতরে গ্যাসের চাপ বেড়ে যাওয়াই এই দুর্ঘটনার মূল কারণ।
হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহরদাদ হাসানজাদে জানিয়েছেন, এই ঘটনায় চার বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে ও ১৪ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর আব্বাস ওই প্রদেশেরই রাজধানী শহর।
উল্লেখযোগ্যভাবে, এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গোটা অঞ্চলে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েন ও মার্কিন নৌবাহিনীর বাড়তি উপস্থিতি ঘিরে নানা জল্পনা শুরু হয়। তবে ইরানের সংবাদমাধ্যম দ্রুতই স্পষ্ট করে দেয়, এই বিস্ফোরণের সঙ্গে কোনও হামলা বা নাশকতার যোগ নেই।
ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশে তাদের কোনও নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়নি। একই সঙ্গে গার্ডস নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে লক্ষ্য করে কোনও হামলার গুজবও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে, একই দিনে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের কিয়ানশাহর এলাকায় পৃথক একটি গ্যাস বিস্ফোরণে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। পাশাপাশি, তেহরানের উপকণ্ঠে পারান্দ এলাকায় ধোঁয়া দেখা যাওয়ায় আতঙ্ক ছড়ালেও, জানাগেছে সেটি নিরাপত্তা সংক্রান্ত কোনও ঘটনা নয়, পাশের ঝোপঝাড়ে আগুন লাগার ফলেই ধোঁয়া দেখা গিয়েছিল।
তবে একের পর এক দুর্ঘটনায় ইরানে গ্যাস নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications