Bangladesh: কবে হবে বাংলাদেশের নির্বাচন? বড় ঘোষণা ইউনূসের, হাসিনা-খালেদাকেও দিলেন বার্তা
Bangladesh: বাংলাদেশের বুকে হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী ইউনূসের হাতেই সে দেশের ক্ষমতা। এই অবস্থায় বিএনপি সহ একাধিক নেতা বাংলাদেশে ভোটের দাবি তুলতে শুরু করেছেন। এই অবস্থায় বড় ঘোষণা প্রধান ইউনূসের। তিনি জানিয়েছেন, আগামী ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে মাথা নত করে পাকিস্তান বাহিনী। স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু আজকের বাংলাদেশে (Bangladesh) বড় রাজনৈতিক পালা বদল ঘটেছে। মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায় মৌলবাদী।

ইতিমধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। এই অবস্থায় আজ বাংলাদেশেও সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস। সকালেই স্মৃতি সৌধকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনূস। পরে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
আর সেখানেই বাংলাদেশ নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দেন। বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি ভোটার তালিকা নির্ভুল ভাবে তৈরি করে নির্বাচন করতে হয় তাহলে তা করতে হবে ২০২৫ সালের শেষে।
এমনকি ২০২৬ সালের প্রথমার্ধও লেগে যেতে পারে বলেও এদিন উল্লেখ করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
এদিন একাধিক ইস্যুতে কথা বলেছেন নোবেলজয়ী। বলেন, বাংলাদেশের স্থানীয় সমস্ত নির্বাচনসহ সমস্ত ভোটেই প্রথমবার বাংলাদেশের ভোটাররা ১০০ শতাংশ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। আর তা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনও সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস দেখাতে পারবে না বলেও এদিন আক্রমণ শানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুধু তাই নয়, নাম না করে শেখ হাসিনাকেও আক্রমণ শানিয়েছেন। জানিয়েছেন, গত সরকারের আমলে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা হবে।












Click it and Unblock the Notifications