পোশাক বদলের আশ্বাসের মধ্যে বাংলাদেশ পুলিশের ধর্মঘট শেষ, আওয়ামি লিগকে বড় বার্তা অন্তর্বর্তী সরকারের
এক সপ্তাহের ধর্মঘট শেষে আবার পথে বাংলাদেশ পুলিশ। পাঁচ অগাস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেস জুড়ে চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি তৈরি হয়। যে কারণে রাস্তা থেকে উধাও হয়ে যায় বাংলাদেশ পুলিশ।
সোমবার থেকে কাজ শুরু করেছেন বাংলাদেশ পুলিশের কর্মীরা। ধর্মঘটে যাওয়া পুলিশ কর্মীরা ইউনিফর্ম পরিবর্তন-সহ বিভিন্ন দাবি তুলেছিলেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার পরে পুলিশ কর্মীরা ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছেন।

- অন্তর্বর্তী সরকার ও পুলিশ কর্মীদের মধ্যে আলোচনা
রবিবার বাংলাদেশ পুলিশের প্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব)সাখাওয়াত হোসেনের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন। সেখানে দুইপক্ষের মধ্যে একটি চুক্তিও হয়েছে বলে জানা গিয়েছে।
- কেন পোশাক বদল?
স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, পুলিশের পোশাক পরিবর্তন-সহ তাদের দাবিগুলো বিবেচনা করা হবে। বৈঠকের পরে সাখাওয়াত হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে। কারণ, পুলিশ কর্মীরা পুরনো ইউনিফর্মে আর বাইরে যেতে চান না। সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের মধ্যে যাঁরা অতিরিক্ত শক্তি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না।
- হাসিনার পদত্যাগের পরেই থানায় হামলা
গত পাঁচ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ জুড়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। বেশ কয়েকটি থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। গণপিটুনিতে মৃত্যুও হয় বেশ কয়েকজন পুলিস কর্মীর। এখনও পর্যন্ত হিংসায় সাড়ে পাঁচশো মৃতের মধ্যে পুলিশ কর্মীর সংখ্যাটা ৪০-এর বেশি। সেই পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে কাজ বন্ধ করে দেন পুলিশকর্মীরা। তাঁরা ধর্মঘটে সামিল হন। এরপর অন্তর্বর্তী সরকারের সামনে পুলিশ কর্মীরা এগারো দফা দাবির তালিকা পেশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করে বলেছেন, বেশিরভাগ দাবিই পূরণ করা হবে।
সাম্প্রতিক হিংসায় বাংলাদেশের ৬০০ থানার মধ্যে প্রায় সাড়ে চারশো থানায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারপর থেকে থানাগুলি কোনও কাজ না করলেও শুক্রবার-শনিবার থেকে সেনাবাহিনীর পাহারায় থানাগুলি খুলতে শুরু করে।
- আওয়ামি লিগকে বার্তা
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা তথা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, শেখ হাসিনার আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কোনও ইচ্ছা সরকারের নেই। সাংবাদিকদের তিনি বলেছেন, এই দল বাংলাদেশে অনেক অবদান রেখেছে। কেউ তা অস্বীকার করে না বলেও জানিয়েছেন তিনি। সাখাওয়াত হোসেন আরও বলেছেন, নির্বাচনেও তাদের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।












Click it and Unblock the Notifications