Donald Trump: তিনটে বিয়ে, পাঁচ সন্তান, ব্যক্তিগত জীবনেও এভারগ্রিন ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হতে চলেছেন। তিনি শুধুমাত্র তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রচেষ্টার কারণেই নয়, তাঁর এভারগ্রিন ব্যক্তিগত জীবনের জন্যও বারবার শিরোনামে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প পাঁচ ভাইবোনের একজন। তাঁর দুই ভাই, ফ্রেড জুনিয়র এবং রবার্ট। ফ্রেড জুনিয়র মারা গিয়েছেন। এবং দুই বোন, মেরিয়ান এবং এলিজাবেথ। রিয়েল এস্টেটের ব্যবসায় ট্রাম্পের পথ চলা শুরু হয়েছিল ১৯৬৮ সালে হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর ট্রাম্প ব্যবসায় মনোনিবেশ করেন।
ট্রাম্পের জীবনের ব্যক্তিগত দিক তাঁর ব্যক্তিত্বের মতোই রঙিন। তিনটি বিয়ে এবং তার পাশাপাশি পাঁচ সন্তানের পিতা তিনি। মডেল ইভানা ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের প্রথম বিয়ে। ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক সেই বিয়ে থেকে তাঁর জীবনে আসেন। ১৯৯০ সালের ডিসেম্বরে ট্রাম্প ও ইভানার বিবাহবিচ্ছেদের পরে ট্রাম্প মার্লা ম্যাপলসকে বিয়ে করেন। তাঁদের কন্যা সন্তানের নাম টিফানি। পরে ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদের পর মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প।

মেলানিয়া ট্রাম্পের সঙ্গেই বর্তমানে তিনি ঘর করছেন। এবং তাঁদের কনিষ্ঠ পুত্রের নাম ব্যারন। ট্রাম্পের সন্তানেরা শিক্ষা এবং কেরিয়ারের দিক থেকে বাবাকে অনুসরণ করেছেন। ফলে ব্যবসা থেকে বিনোদন সব জগতেই ছেয়ে রয়েছেন ট্রাম্প পুত্র-কন্যারা।
ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র, ট্রাম্পের সন্তানদের মধ্যে বড়। তিনি ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে বিএস ডিগ্রি অর্জন করেন। তাঁদের পিতার পদাঙ্ক অনুসরণ করে, ডোনাল্ড জুনিয়র এবং তাঁর ভাই এরিক দুজনেই ট্রাম্পের কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরিক ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স এবং ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ইভাঙ্কা ট্রাম্প, ট্রাম্পের পুত্র-কন্যাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বাবার সবচেয়ে কাছের। তিনি ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। ট্রাম্পের সংস্থায় যোগদানের আগে ম্যানহাটনে শিক্ষালাভ করেন। তিনি গত মেয়াদে ট্রাম্প সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মার্লা ম্যাপলসের সঙ্গে ট্রাম্পের মেয়ে টিফানি পেনসিলভানিয়া এবং জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারে পড়াশোনা করেছেন। মেলানিয়া ও ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ফ্লোরিডার অক্সব্রিজ একাডেমিতে পড়াশোনা করেছেন। এবং সম্প্রতি উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন বিজনেস স্কুলে পড়ছেন।
ট্রাম্প নিজে ব্যক্তিগত জীবনে পারিবারিক সম্পর্ককে এগিয়ে নিয়ে গেলেও বাইরে বারবার বিতর্কে জড়িয়েছেন। কম বয়সে প্লে-বয় মার্কা মনোভাব ট্রাম্পকে বারবার খবরের শিরোনামে এনে ফেলেছে। নীল ছবির তারকাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এমনকী সাম্প্রতিক সময়েও জলঘোলা হয়েছে ও আদালতে পর্যন্ত যেতে হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের পরিবার যেমন রঙীন, তেমনই ট্রাম্প নিজেও ব্যক্তিগত জীবনে সবসময় বর্ণময় থেকেছেন।












Click it and Unblock the Notifications