ইন্দোনেশিয়ার নিখোঁজ কৃষকের মৃতদেহ উদ্ধার পাইথনের পেট চিরে
চাষ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার এক কৃষক। পরে নিখোঁজস্থল থেকেই পাইথনের পেট চিরে বের করা হল ওই কৃষকের গোটা মৃতদেহ।
মামুজু (ইন্দোনেশিয়া), ৩০ মার্চ : চাষ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার এক কৃষক। পরে নিখোঁজস্থল থেকেই পাইথনের পেট চিরে বের করা হল ওই কৃষকের গোটা মৃতদেহ।
মৃতের নাম আকবর, বয়স পঁচিশের কাছাকাছি। ২৩ ফুটের বিশালাকৃতি পাইথনের পেট চিরে গ্রামবাসীরা আকবরের গোটা মৃতদেহ উদ্ধার করে। সোমবার সুলাওয়েসি দ্বীপের সালুবিরো গ্রামে গ্রামবাসীরা ওই পাইথনকে দেখে। বিশাল আকারের সাপটি নড়তে চড়ে পারছিল না। পেট ফুলে ছিল। তা দেখেই সন্দেহ হয় গ্রামবাসীর।

গ্রামের প্রবীন এক বাসিন্দার কথায়, "যেই জায়গা থেকে আকবর উধাও হয়েছিল সেই জায়গাতেই সাপটাকে দেখা যায়। ফোলা পেট দেখেই সন্দেহ হয়েছিল, আকবরকে আস্ত গিলে নিয়েছে সাপটা। একটু কাছে যেতেই দেখা যায়, আকবরের চাষের যন্ত্রপাতি ও ওর পায়ের জুতো পরে রয়েছে। তারপরই পাইথনের পেট কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।"
রবিবার নিজেদের জমিতে চাষ করার জন্য বেরন আকবর। তারপর আর ফেরেননি। আকবর না ফেরায় সোমবার আকবরের পরিবার ও আত্মীয় বন্ধুরা আকবরখে খুঁজতে অভিযান শুরু করে।
এই ধরণের ঘটনা আগে এই এলাকায় ঘটেনি বলে জানিয়ছেন গ্রামবাসীরা। কোনও সাপ কাউকে আস্ত গিলে খেয়েছে এই দৃশ্য এলাকায় আগে কেউ দেখেনি। এই খবর পেতেই এলাকায় লোকে ভিড় জমায়।
গ্রামবাসীদের কথায়, ইন্দোনেশিয়া ও ফিলিপিনসে এই ধরণের বড় পাইথন প্রায়ই দেখা যায়। সাধারণত ২০ ফুটের মতো লম্বা হয় এই সাপগুলি। তবে তাদের শিকার মূলত অন্যান্য পশু-প্রাণী হয়ে থাকে। মানুষকে আস্ত গিলে খাওয়ার ঘটনা বিরল।












Click it and Unblock the Notifications