RSS-এর আদর্শের জন্য ভারত-পাক আলোচনা হচ্ছে না: পাক প্রধানমন্ত্রী
RSS-এর আদর্শের জন্য ভারত-পাক আলোচনা হচ্ছে না:পাক প্রধানমন্ত্রী
উজবেকিস্তান সফরে রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেখানেই একটি হোটেলে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ইমরান। ভারতীয় সাংবাদিক হিন্দিতে তাঁকে প্রশ্ন করে বলেন, 'ইমরান সাহেব ভারতের পক্ষ থেকে আপনার জন্য একটি প্রশ্ন রয়েছে৷ সন্ত্রাসবাদ এবং আলোচনা কি একইসঙ্গে চলা উচিৎ? কি মনে হয় আপনার?'

কী বললেন ইমরান?
সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইমরান বলেন, দেখুন আমরা তো আলোচনা করতেই চাই৷ কিন্তু ভারতে এখন আরএসএস রয়েছে ক্ষমতায়। ওদের হিন্দুত্ববাদী আদর্শই দু'দেশের আলোচনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ এরপর সাংবাদিক আবার প্রশ্ন করেন, ইমরান খানের তালিবানের উপর নিয়ন্ত্রণ রয়েছে? নাকি নেই? এই প্রশ্নের অবশ্য উত্তর দেননি ইমরান৷ সাংবাদিক বার বার এই প্রশ্ন করতে থাকলেও কোনও উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যান ইমরান৷ টুইটারে ইমরানের এই বক্তব্যের ভিডিওটি পোস্ট করেছে জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমটি।

ইমরানের বক্তব্যে কী বলছে আরএসএস?
প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আরএসএসের পতিক্রিয়া জানতে চাওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে বলা হয়, 'প্রধানমন্ত্রী দেশের হন আরএসএসের নন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই পাকিস্তান গিয়ে ভারত-পাক সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন৷
আর শুধু মোদীই নন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীও মৈত্র এক্সপ্রেস চালু করে নিজে বাসে চেপে পাকিস্তানে গিয়েছিলেন৷ আরএসএস ভাবধারার লোক লালকৃষ্ণ আদবানীও পাকিস্তানে গিয়ে জিন্নার সমাধীতে শ্রদ্ধা অর্পণ করেছিলেন৷ কিন্তু চেষ্টাটা সবসময় ভারতের পক্ষ থেকে হয়। পাকিস্তান সম্পর্ক ভালো করার চেষ্টা করে না৷ দু'পক্ষ চেষ্টা করলেই তবে সম্পর্ক ভালো হবে৷ '

২০১৬ উরি আক্রমণের পর থেকে ভারত-পাক সম্পর্ক খারাপ হয়েছে
পাক মদতপুষ্ট জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী পরিচালিত একাধিক হামলায় দেশে প্রাণ হারিয়েছেন সেনা জওয়ানরা। পাঠানকোট বিমানবাহিনীর ক্যাম্প হামলা থেকে শুরু করে উরি ও পুলওয়ামাতে ৪০ জন সেনা জওয়ানের মৃত্যু হয় পাকিস্তানের জঙ্গী সংগঠনগুলির একাধিক হামলায়৷ পাঠানকোটের হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সব রকমের আলোচনা বন্ধ রেখেছে ভারত। কারণ মোদী সরকার বিশ্বাস করে, সন্ত্রাসবাদ ও আলোচনা একই সঙ্গে চলতে পারে না।












Click it and Unblock the Notifications