Indians in Canada: কানাডায় সংকটে ভারতীয়রা? পাকিস্তানের সঙ্গে বৈঠক করে সন্ত্রাসের ছক খালিস্তানিদের!
Canada Khalistani Row: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা নিয়ে তলানিতে ঠেকেছে ভারত ও কানাডার সম্পর্ক। কানাডায় ভারতীয়দের টার্গেট করে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে দাবি। কখনও সোশ্যাল মিডিয়ায় নজরদারি, তো কখনও সরাসরি ভারতীয়দের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাকিস্তানের মদতেই কানাডায় প্রবাসীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ ভারতীয় গোয়েন্দাদের।
গোয়েন্দা সূত্রে খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করে কানাডার খালিস্তানপন্থীরা। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গেও এই খালিস্তানিদের যোগ রয়েছে। কানাডায় যেখানেই বেশি সংখ্যায় ভারতীয়রা জড়ো হন, তেমন জায়গাগুলিতেই ভারত বিরোধী জিগির তুলে পাল্টা আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয়দের বিরুদ্ধে খলিস্তানপন্থী সংগঠনগুলি জোরদার সংঘর্ষ করার অভিসন্ধি আঁটছে বলে অভিযোগ গোয়েন্দাদের।

সব দেখেও কানাডার জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ প্রবাসী ভারতীয়দের। স্থানীয় পুলিশ ও প্রশাসনিক দফতর থেকে অনায়াসেই ভারতীয়দের বিশদ তথ্য হাতিয়ে নিচ্ছে খলিস্তানপন্থীরা (Khalistani Supporters)। কানাডার বিভিন্ন প্রান্তে খলিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে ভারতীয়দের। পরিবারকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।
ভারতীয় রেস্তোরাঁর মালিক, ছাত্রছাত্রী ও কানাডায় কর্মরত ভারতীয়রা খলিস্তানিদের টার্গেট বলে সূত্রের খবর। মন্দির সহ একাধিক জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে খালিস্তানিরা। গোয়েন্দাদের দাবি, ভারতীয়দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে। খালিস্তানিদের সমর্থন না করলে কানাডা (Canada) থেকে তাড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই প্রাণভয়ে কানাডা ছেড়ে ভারতে আসতে বাধ্য হচ্ছেন একাধিক ভারতীয়। কানাডা নিবাসী বছর ৪২-এর অর্পিত তিওয়ারি বলেন, "২০১৭ থেকে কানাডায় রয়েছি। কিন্তু এহেন উত্তেজনাময় পরিস্থিতি আগে দেখিনি। ভারতীয়দের দেখলেই কানাডা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশকেও বিশ্বাস করতে পারছেন না মানুষ।"
দিনকয়েক আগেই কানাডার ব্রাম্পটনের হিন্দু মন্দিরে (Hindu Temple Attacked) হামলা চালায় খালিস্তানিরা। এরপর ফের ১৬ ও ১৭ নভেম্বর কানাডার আরও কয়েকটি হিন্দু মন্দিরে হামলা চালানোর হুঁশিয়ারি খালিস্তানি নেচা গুরপতবন্ত সিং পান্নুনের।
হুমকি বার্তায় পান্নুনকে (Pannun) বলতে শোনা যায়, ১৬ নভেম্বর মিসিসাউগার কালিবাড়ি মন্দির এবং ১৭ নভেম্বর ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দিরে হামলা চালানো হবে। এরপরও কোনও পদক্ষেপ করেনি ট্রুডোর সরকার। এই আবহে মন্দিরে ভারতীয় কনস্যুলেটের ক্যাম্প বাতিল করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications