ভারতীয় জাতের গরুর বিশ্বরেকর্ড, ৪০ কোটি টাকায় বিক্রি হল ব্রাজিলে
ব্রাজিলের মিনাস গেরাইসে সম্প্রতি এক নিলামে ভারতীয় বংশোদ্ভূত একটি গরু রেকর্ডমূল্য ৪০ কোটি টাকায় বিক্রি হয়েছে। এই কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই গরু এবং বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গরুটির নাম ভিয়াটিনা-১৯, যার ওজন প্রায় ১,১০১ কেজি। এটি নেলোর জাতের গরু, যা সাধারণত অন্যান্য গরুর তুলনায় দ্বিগুণ ওজনের হয়ে থাকে। মাত্র ৫৩ মাস বয়সী এই গরু তার সৌন্দর্য, শুভ্র গায়ের রঙ এবং কাঁধে একটি বিশিষ্ট কুঁজ থাকার জন্য পরিচিত।

প্রতীকী ছবি
বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি, টেক্সাসের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত "চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড" প্রতিযোগিতায় ভিয়াটিনা-১৯ মিস সাউথ আমেরিকা পুরস্কার জিতেছে। এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশের ষাঁড় ও গরুর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হয়। ব্যতিক্রমী পেশী গঠন ও বিরল জেনেটিক বংশের কারণে এই গরুটি বিশেষভাবে মূল্যবান।
মূলত, নেলোর জাতের গরুগুলি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা এবং রোগ প্রতিরোধের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এই কারণে ভিয়াটিনা-১৯ এর ভ্রূণের ব্যাপক চাহিদা রয়েছে। পশুচিকিৎসক লরানি মার্টিন্স এই গরুটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "এটি একটি সম্পূর্ণ গরু এবং এর মধ্যে মালিকদের প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য রয়েছে"।
ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুসারে, ব্রাজিল বর্তমানে বিশ্বের বৃহত্তম নেলোর গরুর প্রজননকারী দেশ। এই জাতের গরু আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে।
ব্রাজিলের প্রায় ৮০ শতাংশ গরু জেবু গরুর অন্তর্ভুক্ত, যা ভারতের উৎপত্তি এবং তাঁর বিশিষ্ট কুঁজর জন্যে বিখ্যাত। ভিয়াটিনা-১৯ ওঙ্গোল জাতের অন্তর্গত, যা প্রথম ১৮০০ সালে ব্রাজিলে আনা হয়েছিল। মূলত এটি ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলা থেকে উদ্ভূত হয় এবং ২০০০ বছর আগে আর্যদের মাধ্যমে প্রথম এর কথা প্রকাশ্যে আসে।
ব্রাজিলের গবাদি পশুর বড় অংশ নেলোর জাতের, যা প্রধানত মাংসের জন্য পালন করা হয়। মার্কিন কৃষি বিভাগের মতে, ব্রাজিলে প্রায় ২৩ কোটি গরু রয়েছে, যা দেশটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গরু রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করেছে।
এই সব গুণাবলীর জন্যেই বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস রেকর্ডে নাম তোলা ভিয়াটিনা-১৯ বর্তমানে বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications