ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে জোর লড়াই, ঋষি সুনকের জয়ের জন্য যজ্ঞ ভারতীয় বংশোদ্ভুতদের
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে জোর লড়াই, ঋষি সুনাকের জয়ের জন্য যজ্ঞ ভারতীয় বংশোদ্ভুতদের
ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস। ঋষি সুনাককে নিয়ে প্রবাসীদের উন্মাদনা নেহাৎ কম নয়। ঋষি সুনাকের মঙ্গল কামনায় ও বিজয় নিশ্চিত করতে প্রবাসী ভারতীয়রা পুজোর আয়োজন করেন। তবে ব্রিটেনের একাধিক সমীক্ষা বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছে লিজ ট্রাস।

সুনাকের মঙ্গল কামনায় যজ্ঞ
ব্রিটেনে প্রধানমন্ত্রী প্রার্থী ঋষি সুনাকের মঙ্গল কামনায় পুজোর ব্যবস্থা করেন প্রবাসী ভারতীয়রা। করা হয় যজ্ঞ। এই প্রসঙ্গে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভুত সিকে নাইডু বলেন, 'আমরা ঋষি সুনাকের জন্য প্রার্থনা করছি। কারণ তিনি একজন ভারতীয় বংশোদ্ভুত। তিনি ব্রিটেনে ভারতীয় সমস্যা সব থেকে ভালো বুঝতে পারবেন। সমস্যা সমাধানে উপায় বের করবেন।' অন্যদিকে, শিলাম্মা নামের অন্য এক ভারতীয় বলেন, 'তিনি শুধু ভারতীয় বলে আমরা এই প্রার্থনা সভার আয়োজন করিনি। আমরা সকলের সঙ্গে একসঙ্গে বাস করি। কিন্তু যোগ্যতা ও মর্যাদার দিক থেকে তিনি কোনও অংশে কম নন। সুনাক আমাদের মতে সেরা প্রধানমন্ত্রী প্রার্থী। সেই কারণে আমরা তাঁর জন্য প্রার্থনা করছি।'

ব্রিটেনের অর্থনীতিতে প্রবাসী ভারতীয়দের অবদান
ব্রিটেনে জাতিগত দিক থেকে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় ভারতীয় বংশোদ্ভুত। ১.৫ মিলিয়ন বাসিন্দার মধ্যে প্রবাসী ভারতীয়ের সংখ্যা ২.৫ শতাংশ। এই প্রবাসী ভারতীয়দের ব্রিটিনের জিডিপিতে ৬ শতাংশ অবদান রাখে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ২০২২ সালে গ্রান্ড থর্নটনের বার্ষিক ট্র্যাকার ইঙ্গিত দিয়েছে, ব্রিটেনে ভারতীয় সংস্থার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংস্থার সংখ্যা আগের বছরের তুলনায় চলতি বছরে ৮০৫ থেকে ৯০০টি বৃদ্ধি পেয়েছে। যার জেরে রাজস্ব ৫৪.৪ বিলিয়ন পাউন্ড। ব্রিটেনের সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রবাসী ভারতীয়দের ভূমিকা উল্লেখযোগ্য।

সমীক্ষায় এগিয়ে লিস ট্রাস
প্রধানমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে, এই বিষয়ে একাধিক সমীক্ষা করা হয়েছে। সেই দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন লিস ট্রাস। বরিস জনসনের পদত্যাগের পরেই প্রধানমন্ত্রী প্রার্থীদের মধ্যে অনেকটাই এগিয়ে ছিলেন ঋষি সুনাক। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। সমীক্ষায় দেখা যায় ঋষি ট্রাসের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তবে সম্প্রতি লিস ট্রাস ও ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দৌড়ে একটি বিতর্কসভায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে ব্রিটিশদের মধ্যে ঋষি সুনাক বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। বর্তমানে মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি ব্রিটেনের সব থেকে বড় সমস্যা। ক্রমেই ব্রিটেনের সাধারণ মানুষের জীবনযাত্রার মান পড়ে যাচ্ছে বলেও অভিযোগ ব্রিটিশদের একাংশের।












Click it and Unblock the Notifications