পি কে হালদারকে আরো দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত

মঙ্গলবার পি কে হালদারসহ পাঁচ জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেট হেফাজতে পি কে হালদার
BBC
ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেট হেফাজতে পি কে হালদার

বাংলাদেশের প্রশান্ত কুমার হালদারসহ (যিনি পি কে হালদার নামে বেশি পরিচিত) গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত।

শনিবার তিনি, তার স্ত্রীসহ মোট ছয় জনকে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করে ভারতের ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেকটরেট।

বাংলাদেশের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।

মঙ্গলবার পি কে হালদারসহ পাঁচ জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুনানির পর আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

তবে তার স্ত্রীকে ১০ দিনের জন্য জুডিশিয়াল কাস্টডি বা বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অরিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, এদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেয়া হয়েছে।

ঢাকার একটি ব্যাংক ও অপর একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পি কে হালদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা করেছিলো।

বাংলাদেশের পত্রপত্রিকায় পি কে হালদারের গ্রেপ্তার সংক্রান্ত খবরাখবর
BBC
বাংলাদেশের পত্রপত্রিকায় পি কে হালদারের গ্রেপ্তার সংক্রান্ত খবরাখবর

এসব মামলায় তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে থাকা বন্দী সমর্পণ চুক্তির মাধ্যমে পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তবে পি কে হালদারের বিরুদ্ধে ভারতেও অপরাধের অভিযোগ থাকায় সেই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে বলে তারা ধারণা করছেন।

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রবিবার বলেছেন, ''বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং ফিনান্সিয়্যাল ইন্টেলিজেন্স ইউনিটের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সম্পদ জব্দ করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, বাংলাদেশের সংস্থাগুলো কিন্তু তৎপর, সজাগ আছে। এজেন্সিগুলো কাজ করছে, আপনারা দেখবেন অচিরেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে।''

পি কে হালদারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি অবৈধভাবে ভারতের পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড নিয়েছেন।

ভারতের আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ।

এই অপরাধে তার বিরুদ্ধে ভারতে একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'তিনি যেখানে আছেন, সেখানে তিনি কি করেছেন, সেই দেশের আইনের মুখোমুখি হচ্ছেন। আমরাও তাকে ফেরত চাইবো আমাদের দেশের মামলাগুলোর জন্য।''

ভারতে কর্মকর্তাদের সাথে কথা বলে বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী বলছেন, পি কে হালদারের ক্ষেত্রে লক্ষণীয় একটি ব্যাপার হলো, এই ব্যক্তি ভারতের গুরুতর আইন ভেঙ্গেছেন। তিনি বেআইনিভাবে ভারতের নাগরিকত্ব নিয়েছেন। সেই কারণে যদি ভারতের কর্তৃপক্ষ আলাদা মামলা করে বিচার শুরু করে, তাহলে বিচার শেষ হওয়ার আগে পর্যন্ত তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা ক্ষীণ।''

বিবিসি বাংলার অন্যান্য খবর:

শ্রীলঙ্কায় মাত্র একদিনের পেট্রোল মজুত আছে, বললেন প্রধানমন্ত্রী

অবরুদ্ধ মারিউপোল থেকে আহত সৈন্যদের বের করে আনা হয়েছে

নাটকীয় এক দলবদলের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে

উচ্চ রক্তচাপ কীভাবে হয়, কাদের ঝুঁকি বেশি

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+