চিনকে একঘরে করতে জি ৭ মঞ্চে ভারত, বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে কবে আমেরিকা যাচ্ছেন মোদী?
কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছিল। সেই সূত্র ধরেই সোমবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকায় যুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু বলেন , 'দুই নেতাই প্রতিদিন একে অপরের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে যুক্ত আছেন।'

২ জুন মেদী-ট্রাম্প কথাবার্তা হয়
রাষ্ট্রদূত বলেন, '২ জুন তাদের মধ্যে কথাবার্তা হয়। সেখানে অন্যান্য বিষয় ছাড়াও জি ৭ সম্পর্কিত দুটি বিষয়ে কথা হয়। এক , প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামিটে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দুই , তিনি জি ৭ প্রসারিত করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এই দুই বিষয়ের উপর ভিত্তি করে ভারত আমেরিকার সঙ্গে কাজ করে খুশি হবেন।'

মোদী আমেরিকা প্রেসিডেন্টের জি ৭-এর আমন্ত্রণ গ্রহণ করেছেন
নরেন্দ্র মোদী আমেরিকা প্রেসিডেন্টের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শোনা যাচ্ছে , তিনি আগামী সেপ্টেম্বর মাসে অ্যামেরিকায় যেতে পারেন। তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি। এমনটাই জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু।

জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ
ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহেই মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফোন করে জি ৭ বৈঠকে আমন্ত্রণ জানান ট্রাম্প।

চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প
আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন।

বিশ্ব অর্থনীতির অনেকটাই চিনের উপর নির্ভরশীল
বর্তমানে বিশ্ব অর্থনীতির অনেকটাই চিনের উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা কাটিয়ে উঠিয়ে বিশ্ব অর্থনীতিকে এক বিকল্প দিশা দেখাতে এই জি ৭-এর সম্প্রসারণের পরিকল্পনা বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। বর্তমান নিরিখে বিশ্বের শক্তিশালী দেশগুলির সংজ্ঞা বদলেছে। সেই অনুসারে চিনকে কোণঠাসা করতে এই সম্প্রসারণ হতে পারে এক বড় হাতিয়ার।












Click it and Unblock the Notifications