India-Bangladesh: বাংলাদেশের মানচিত্রে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা! সাবধান হও, ইউনূসকে সতর্ক করল ভারত
India-Bangladesh: পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে নিয়ে অখন্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন! ইউনূসের 'ঘরের ছেলে' মাহফুজ আলমের বিতর্কিত পোস্ট। আর এরপরেই অন্তবর্তী সরকারকে সাবধান করল মোদীর ভারত। একই সঙ্গে এহেন 'উস্কানিমূলক' পদক্ষেপের জন্য তীব্র নিন্দাও জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, এহেন কাজের তীব্র প্রতিবাদ ভারতের তরফে জানানো হয়েছে।
এমনকি বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। শুধু তাই নয়, মন্তব্য করার আগে যাতে ভেবেচিন্তে করা হয় সেই বার্তাও ইউনূসকে স্পষ্ট ভারত বুঝিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র (India-Bangladesh) ।

বলে রাখা প্রয়োজন, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে ভারত এবং বাংলদেশের সম্পর্ক তলানিতে। এর মধ্যেই ইউনূসের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত মানচিত্রের পোস্ট করেন। যেখানে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে সেখানে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়।
মাহফুজ প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ নয়, অন্তবর্তী সরকারের তিনিও একজন উপদেষ্টা। ফলে তাঁর এহেন কাজ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিষয়টি ভারতের নজরে আসতেই নড়েচড়ে বসে বিদেশমন্ত্রক। কার্যত কড়া ভাষায় সাবধান করা হল প্রতিবেশী এই দেশকে।
নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রনধীর জয়সওয়াল এই প্রসঙ্গে আরও জানান, বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে সেখানকার নেতারা প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে ভেবেচিন্তে করেন। বাংলাদেশের সঙ্গে ভারত সু সম্পর্ক রাখতে চায়। কিন্তু এই ধরনের পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। ফলে আগামিদিনে এই বিষয়ে যাতে সতর্ক থাকেন সে কথা ইউনূসের সরকারকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, খালেদা জিয়ার দলের অন্যতম নেতা রুহুল কবীর রিজভি গত কয়েকদিন আগেই যুদ্ধের হুমকি দেন। এমনকি পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, বিহার সবটাই দখল করার হুশিয়ারিও দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাক্তন এক সেনা আধিকারিক, সাতদিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেন। যার পাল্টা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ওরা বাংলা দখল করবে আর আমরা লালিপপ খাবো! এবার এই ইস্যুতে কড়া বার্তা মোদী সরকারের তরফেও।
বলে রাখা প্রয়োজন, মাহফুজ আলম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘটেছিল তার অন্যতম হোতা ছিল। সোশ্যাল মিডিয়ায় শুধু= বিতর্কিত পোস্ট করা নয়, গত কয়েকমাসে একাধিকবার ভারতকে হুমকি দেওয়ার নজিরও ঘটিয়েও ফেলেছেন এই উপদেষ্টা।












Click it and Unblock the Notifications