অটুট বন্ধুত্ব ভারত-ফ্রান্সের, প্যারিসের মাটিতে দাঁড়িয়ে ভারতের গুরুত্ব মনে করালেন মোদী
দু'দিনের ফ্রান্স সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলগত বন্ধুত্বের ওপরেই বেশি গুরুত্ব দিলেন। দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি মানুষে মানুষে সংযোগ। ভারত এবং ফ্রান্স দুই দেশই একবিংশ শতাব্দীতে বিভিন্ন ইস্যুর মোকাবিলা হাতে হাত ধরে করে চলেছে। আর সেজন্যই দুই দেশের কৌশলগত পার্টনারশিপ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বেশি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ফ্রান্স সফরে গিয়ে মোদী প্রথমে সাক্ষাৎ করেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে। এছাড়াও তিনি একান্ত সাক্ষাৎ করেন সেনেট প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের সঙ্গে।

ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের পর তাঁকে স্বাগত জানান খোদ ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ। গার্ড অফ অনার দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানানো হয়।
সেনেট প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে নরেন্দ্র মোদী ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি ভারত এবং ফ্রান্সের নিবিড় বন্ধুত্বের কথা তুলে ধরেন।

আধুনিক সময়ে ভারত যে বিশ্ব শাসন করতে চলেছে তার ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েও সে দেশে দেওয়া ভাষণে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফ্রান্স সফরে গিয়েও একই স্বরে তিনি কথা বলেছেন। মোদী বলেন, এই মুহূর্তে বিশ্ব এক নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। ভারতের ভূমিকা তাতে দ্রুত বদলাচ্ছে। গোটা বিশ্ব ভারতের ক্ষমতাকে অনুধাবন করতে পেরেছে এবং কুর্নিশ জানাচ্ছে।
আগামিকাল ফ্রান্সের ন্যাশনাল ডে প্যারেডে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন মোদী তাঁর ভাষণে ফরাসি সুপারস্টার ফুটবলার কিলিয়ান এমবাপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ফ্রান্সের থেকে ভারতে এমবাপের ভক্ত অনেক বেশি। মোদীর ভাষণে উঠে আসে তামিল ভাষার কথা। বিশ্বের সবচেয়ে পুরনো ভাষা তামিল, এটা ভারতবাসীর জন্য গর্বের বিষয়, বলেন মোদী।
ভারতে ইউপিআই লেনদেনের উল্লেখ করেন মোদী। ডিজিটাল লেনদেন ভারতে বিরাট সামাজিক বদল এনেছে বলে উল্লেখ করেছেন তিনি। ভারত-ফ্রান্স দুই দেশই ডিজিটাল পরিকাঠামো উন্নতিতে হাতে হাত মিলিয়ে কাজ করছে বলেও ভারতীয়দের সামনে ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications