ভারতের তোপে রাষ্ট্রসংঘে নাক কাটল পাকিস্তানের! মানবাধিকার নিয়ে ইমরানকে পাল্টা শিক্ষা দিল্লির
সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু পাকিস্তান, ফের ইসলামাবাদের বিরোধিতায় সরব ভারত। রাষ্ট্রসংঘের ৪৫তম মানবাধিকার কাউন্সিলের বৈঠকে এদিন পাকিস্তানকে একের পর এখ তোপ দেগে নাজেহাল করে দেয় ভারত। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর চলতে থাকা অত্যাচার নিয়েও এদিন সরব হয় ভারত। যেভাবে ধর্মীয় কারণে সেখানে হিন্দু, শিখ, খ্রীষ্টধর্মাবলম্বীরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের তরফে।

পাকিস্তানের অভ্যাস নিয়ে ভারতের তোপ
এদিন ভারত পাকিস্তানকে তোপ দেগে স্পষ্ট জানিয়ে দেয়, যে দেশের সংখ্যালঘুরা এত বাজে পরিস্থিতির সম্মুখীন, সেই দেশের পক্ষে অন্য দেশকে জ্ঞান দেওয়া সাজে না। ভারত এদিন অভিযোগ করে যে, মিথ্যা প্রচার চালানো এবং নিজেদের স্বার্থে বিদ্বেষপরায়ণ কাজ করা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে।

পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল
ভারতের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত দূত বলেন, 'পাকিস্তান এমন একটা দেশ যেখানে ধারাবাহিকভাবে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত নির্যাতন চালানো হয়। পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের পেনশন দেওয়ার স্বীকৃতি দিয়েছে সে দেশ।'

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত পাকিস্তানের
এরপর ভারতীয় দূত আরও বলেন, 'যে দেশের প্রধানমন্ত্রী গর্বের সাথে স্বীকার করেছেন যে সেখানে ১০০০০ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, সেই দেশের থেকে ভারত বা অন্য কেউই মানবাধিকার সম্পর্কিত এই অনাকাঙ্ক্ষিত জ্ঞান বা বক্তব্য শুনতে রাজি নয়। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী যুদ্ধ করতে কয়েক হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান।'

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ পাকিস্তান
ভারতীয় দূত বলেন, এতে অবাক হওয়ার মতো কোনও বিষয় নেই যে অন্যান্য প্রাসঙ্গিক বহুপাক্ষিক সংস্থা পাকিস্তানের সন্ত্রাসের অর্থায়ন বন্ধে ব্যর্থতা এবং পাকিস্তানের সকল সন্ত্রাসবাদী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাবে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।

সংখ্যালঘুদের উপর নিয়মিত নির্যাতন
তিনি আরও বলেন, নিজেদের বাজে মতলবযুক্ত আদর্শকে নতুন করে উৎসাহিত করার উদ্যোগ নিতে পাকিস্তান এটা নিশ্চিত করেছে যে সংখ্যালঘুদের উপর নিয়মিত নির্যাতন হয়। সেদেশে সংখ্যালঘু বিরোধী আইন পাশ করানো হয়, বাধ্যতামূলকভাবে সংখ্যালঘুদের রূপান্তর, টার্গেট করে তাদের হত্যা, সাম্প্রদায়িক সহিংসতা এবং বিশ্বাস ভিত্তিক বৈষম্যের মাধ্যমে সংখ্যালঘুদের জীবন দূরহ করে তোলা হয়েছে। সেখানে তাদের কোনও ভবিষ্যত নেই।

বালোচিস্তানে পাকিস্তানের অত্যাচার
বালোচিস্তান, খাইবার পাখতুনওয়াতে উঠে আসা ইসলামাবাদ বিরোধী প্রতিবাদের কথাও ভারত তুলে ধরে মানবাধিকার কমিশনের সামনে। ভারতীয় দূত বলেন, হাজার হাজার শিখ, হিন্দু এবং খ্রিস্টান সংখ্যালঘু মেয়েদের পাকিস্তানে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ধর্মান্তকরণ করা হয়েছে। একদিনও এরকম যায় না যেদিন বালোচিস্তান বা খাইবার এলাকায় কাউকে না কাউনে পাকিস্তানি সেনা অপহরণ করে না। পাকিস্তান তাদের দেশের সাংবাদিকদের উপরও অত্যাচার চালায়।












Click it and Unblock the Notifications