India Slams Pakistan: শান্তি-বৈঠকেও কাশ্মীর টানার চেষ্টা পাকিস্তানের! নাম উচ্চারণ না করেই ধুয়ে দিল ভারত
India Slams Pakistan: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UN Security Council) বৈঠকে নাম না করে পাকিস্তানকে তুলোধনা ভারতের। বিশ্বশান্তি, নারীসুরক্ষা নিয়ে আলোচনা চলাকালীন বারবার কাশ্মীর প্রসঙ্গ (Kashmir Issue) টেনে আনার চেষ্টা পাকিস্তানের। এরপরই নাম না করে পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু, শিখ ও খ্রিস্টান মহিলাদের শোচনীয় অবস্থার কথা তুলে ধরে ভারত।
অচলাবস্থার মাঝে বিশ্বশান্তি গড়ে তুলতে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা চলছিল নিরাপত্তা পরিষদে। সেখানেই বারবার কাশ্মীর ইস্যু তুলে আলোচনার বিষয়বস্তুকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে পাকিস্তান। পাল্টা প্রত্যুত্তর দেন ভারতের কূটনীতিক পর্বতনেনি হরিশ। পাকিস্তানের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান তুলে সেখানের সংখ্যালঘু মহিলাদের শোচনীয় পরিস্থিতির কথা বুঝিয়ে দেন হরিশ।

আলোচ্য বিষয়ের কোথাও কাশ্মীর ছিল না। তবু পাকিস্তানের এই কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা একান্তই রাজনৈতিক অপপ্রচার বলেই মনে করেন হরিশ। সরাসরি নাম না নিয়ে হরিশ বলেন, "বিতর্কসভায় উপস্থিত এক প্রতিনিধি রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে।"
পাকিস্তানকে দুষে হরিশ আরও বলেন, "অবশ্য তাদের থেকে এটা খুব একটা অপ্রত্যাশিত নয়। ভুল তথ্য ছড়ানোর কৌশল। গুরুতর বিষয়ে আলোচনা চলাকালীন আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার (political propaganda) কাম্য নয়।"
এরপরই পাকিস্তানের মানবাধিকার কমিশনের (Pakistani Human Rights Commission) তথ্য তুলে ধরেন ভারতীয় কূটনীতিক। ফি বছর সেখানের মহিলাদের অপহরণ, পাচার ও জোর করে ধর্মান্তরণ এবং বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়। ইসলামাবাদকে খোঁচা দিয়ে এরপর তিনি বলেন, "আমি আরও বলতে পারি। তবে এখানেই শেষ করব।"
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বাড়বাড়ন্ত শুরু হয়েছে জঙ্গিদের। গত বৃহস্পতিবারই ভারতীয় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪ জন। গত রবিবার সোনমার্গের কাছে নির্মাণস্থলে হামলা চালায় জঙ্গিরা। ৬ পরিযায়ী শ্রমিকসহ এক চিকিৎসকের মৃত্যু হয়। রবিবারের হামলার দায় স্বীকার করে পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।












Click it and Unblock the Notifications