কাশ্মীর ভারতের অংশ, ভবিষ্যতেও থাকবে, পাকিস্তান সফররত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেসকে কড়া বার্তা
পাকিস্তান সফরে গিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস জম্মু ও কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন তার কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আগামী দিনেও থাকবে।

ভারতের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যে বিষয়টি আলোচনা করা দরকার সেটি হল পাকিস্তান জোর করে অবৈধভাবে যে অংশটি দখল করে রেখেছে তা নিয়ে। অন্য কোনও বিষয় যদি থাকে কাশ্মীর নিয়ে তাহলে তা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করা হবে। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও জায়গা নেই।
ভারত জানিয়েছে, আমরা আশা করছি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পাকিস্তান যেভাবে সীমান্ত পার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ভারতে, সেই বিষয়ে আলোকপাত করবেন। যা শুধু কাশ্মীরের নয় ভারতের মানুষের মৌলিক মানবিক অধিকারকে ভঙ্গ করছে এবং প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান সফরে রয়েছেন। তিনি জানিয়েছেন, দুই দেশ মধ্যস্থতা চাইলে তিনি রাজি রয়েছেন। আর এই প্রসঙ্গেই ভারত কড়া মতামত জানিয়েছে।
পাকিস্তান সফরে গিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগান উদ্বাস্তুদের একটি আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত থাকবেন। একইসঙ্গে কর্তারপুরের গুরুদ্বারেও তিনি যাবেন। এই পাকিস্তান সফরে গিয়ে তিনি কাশ্মীর প্রসঙ্গ, সীমান্তে উত্তেজনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। যা নিয়ে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।












Click it and Unblock the Notifications