Pakistan Train Hijack: জঙ্গিদের আস্তানা দিয়ে এখন ভারতকে দোষারোপ! পাকিস্তানকে ধুয়ে দিল নয়াদিল্লি
Pakistan Train Hijack: জঙ্গিদের আস্তানা দিয়ে এখন নিজেই প্যাঁচে পড়ে গিয়েছে পাকিস্তান। জঙ্গি হামলায় ত্রস্ত প্রতিবেশী দেশ। জাফর এক্সপ্রেস হাইজ্যাক কাণ্ডে নিজেদের দোষ ঢাকতে ভারতের দিকে আঙুল তুলেছে শেহবাজ শরিফের দেশ। পাল্টা জবাব ভারতেরও। আফগানিস্তানকেও দোষারোপের চেষ্টা পাকিস্তানের। পোষা জঙ্গিদের সামলাতে না পেরে এখন প্রতিবেশীদের ঘাড়ে দায় ঠেলে দিচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের বালুচিস্তানে প্রায় ৪৫০ জন যাত্রীসমেত গোটা জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে জঙ্গিরা। বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা গত ১১ মার্চ মঙ্গলবার ট্রেন লাইনে সারি সারি বোম রেখে ট্রেন দাঁড় করায়। সকাল ৯টার সময় কুয়েটা থেকে ছেড়েছিল জাফর এক্সপ্রেস। পেশোয়ার পৌঁছতে সময় লাগত ৩০ ঘণ্টা। যাত্রা শুরুর তিন ঘণ্টা পর দুপুর ১টা নাগাদ ট্রেনটি হাইজ্যাক করে সশস্ত্র জঙ্গিরা। পেহরো কুনরি ও গাদালারের মধ্যবর্তী স্থানে হামলা চালানো হয়।

জাফর এক্সপ্রেসের দিকে ৬ জন সশস্ত্র জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ট্রেনচালককে নিশানা করে গুলি চালানো হয়। তাঁর মৃত্যু হতেই গোটা ট্রেনের দখল নিয়ে নেয় জঙ্গিরা। হামলায় ২৮ জন পাক সেনার মৃত্যু হয়। এতকিছুর পর ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র শফকত আলি খানের দাবি, আফগানিস্তান থেকে ফোনে জঙ্গিদের সঙ্গে হামলার ব্যাপারে কথা বলা হয়েছে। এমনকী, ভারত নাকি পাকিস্তানে জঙ্গি হামলায় মদত দিচ্ছে।
পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। পাকিস্তানকে নিশানা করে বিদেশমন্ত্রকের বিবৃতি, "গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদে কারা ইন্ধন দেয়, জঙ্গিদের আঁতুড়ঘর কোনটি। পাকিস্তানের উচিত অন্যের দিকে আঙুল না তুলে ও নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে না চাপিয়ে দেশের প্রতি নজর দেওয়া।" ইসলামাবাদের আত্মনিরীক্ষণের প্রয়োজন রয়েছে বলে সাফ জানাল নয়াদিল্লি।
ভারতের পাশাপাশি আফগানিস্তানকেও নিশানা করতে ছাড়েনি পাকিস্তান। পাল্টা জবাবে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, বালুচিস্তানে যাত্রীবোঝাই ট্রেন হাইজ্যাকের ঘটনায় বেমালুম আফগানিস্তানকে জড়িয়ে ফেলার পাকিস্তানের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হচ্ছে । ভারতের মতোই পাকিস্তানকে নিজেদের দোষ খুঁটিয়ে দেখার বার্তা আফগানিস্তানেরও। নিজেদের নিরাপত্তার ত্রুটি না দেখেই অন্যকে দোষারোপ করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications